২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে হিজাব নীতি: পুলিশের ‘নিপীড়নে’ এবার কিশোরী কোমায়

ইরানের একটি মানবাধিকার গ্রুপ হাসপাতালে কোমায় থাকা কিশোরী আরমিতার ছবি প্রকাশ করে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 08:20 PM

Updated : 05 Oct 2023, 08:20 PM

তেহরানের ফজর হাসপাতাল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোমায় থাকা ১৬ বছরের আরমিতা গেরাভান্ডের কারণেই এমন নিরাপত্তার তোড়জোড়।

দাবি করা হচ্ছে, গত রোববার তেহরানে একটি মেট্রোরেলের ভেতর হিজাব পরা নিয়ে নীতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় আরমিতার মাথা জোরে একটি পোলের সঙ্গে ঢুকে দেওয়া হলে তিনি অচেতন হয়ে পড়েন এবং কোমায় চলে যান।

২০২২ সালে ঠিক যেমনটা হয়েছিল কুর্দি তরুণী মাশা আমিনির সঙ্গে। তবে কি মাশার মত আরমিতাও একই ভাগ্য বরণ করে নিতে চলেছে? মঙ্গলবার ইরানের একটি মানবাধিকার গ্রুপ হাসপাতালে কোমায় থাকা আরমিতার ছবি প্রকাশ করে।

এর আগে সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। সেখানে দেখা যায়, স্টেশনে দাঁড়িয়ে থাকা মোট্রোরেলের একটি কামরা থেকে এক অচেতন নারীকে টেনে বের করে আনা হচ্ছে।

তেহরান মেট্রো অপারেশন কোম্পানির দাবি, রক্তচাপ হ্রাস পাওয়ায় আরমিতা অচেতন হয়ে পড়েন। যদিও তাদের বক্তব্যের সপক্ষে তারা কোনো প্রামাণ দেখাতে পারেনি। আরমিতা কখন মেট্রোতে প্রবেশ করেছে, ভেতরে ঠিক কী হয়েছে এবং তার অচেতন হয়ে পড়ার মুহূর্ত- কোনো কিছুরই কোনো ভিডিও নেই। অথচ মেট্রো স্টেশন এবং মেট্রোরেলের ভেতর একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে।

প্রশাসনের প্রকাশ করা অন্য একটি ভিডিওতে আরমিতার মাকে একই রকম বক্তব্য দিতে দেখা যায়। যদিও ভিডিও দেখা বোঝা যাচ্ছিল তাকে দিয়ে জোর করে ওই কথা বলানো হচ্ছে। আরমিতার বাড়ি কেরমানশাহ নগরীতে। যেখানে উল্লেখযোগ্য সংখ্যায় কুর্দিদের বসবাস। আরমিতার খবর প্রকাশের কারণে একজন নারী সাংবাদিককে আটক করা হয়েছিল। যদিও একদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।

মাশা আমিনির মৃত্যু ঘিরে ২০২২ সালের শেষ দিকে ইরানজুড়ে হিজাবের বিরুদ্ধে এবং নারী স্বাধীনতার পক্ষে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। যে আন্দোলনের বলি হতে হয়েছে বহু মানুষকে। - সংবাদসূত্র: বিবিসি, রয়টার্স

[সংবাদটি প্রথমে ফেইসবুকে প্রকাশি হয়েছে ৪ অক্টোবর ২০২৩ তারিখে

https://www.facebook.com/bdnews24/posts/pfbid0cSEocuGzb5uNXjyRKDebNbgSGq5nLdfhphdYfsh6v8JHcWJVRBwmgLqYYXxfiH7jl