যুক্তরাষ্ট্রে পোকার কামড় থেকে মাংসে অ্যালার্জি বাড়ছে
ছোট্ট টিক পোকার কামড়ের পর মাংস খেয়ে মার্কিনিদের অসুস্থ হয়ে পড়ার হার বেড়ে যাচ্ছে- বলছে, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।
ছোট্ট টিক পোকার কামড় থেকে মার্কিনিদের মাংসে বিরল অ্যালার্জিতে ভোগার হার বাড়ছে বলে জানিয়েছেন গবেষকরা।
এ অ্যালার্জিজনিত অসুস্থতাকে বলা হচ্ছে, আলফা–গাল সিনড্রোম। এটি অনেকসময় মৃত্যু-ঝুঁকিও সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রে হয়ত এরই মধ্যে ৪ লাখ ৫০ হাজার মানুষ আলফা–গাল সিনড্রোমে ভুগছেন বলে ধারণা বিজ্ঞানীদের।
যুক্তরাষ্ট্রের ‘সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) বৃহস্পতিবার এই সিনড্রোম খুবই বেড়ে যাওয়ার নতুন তথ্য প্রকাশ করেছে।
বিবিসি জানায়, বিজ্ঞানীরা লোন স্টার টিক পোকার লালায় আলফা-গাল শনাক্ত করেছেন। এই পোকার লালার মাধ্যমেই আলফা-গাল মানুষের রক্তে প্রবেশ করে বলে ধারণা তাদের।
পিঠের সাদা দাগ দেখে পোকাটি চিহ্নিত করা যায়। বাংলায় এই পোকা ‘এঁটুলি’ নামেই বিশেষ পরিচিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পূর্বাঞ্চলে পোকাটি বেশি দেখা যায়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ পোকা আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে।
লোন স্টার টিক পোকার কামড়ের পর কিছু স্তন্যপায়ী প্রাণিজাত খাবার খেলে অ্যালার্জি দেখা দিতে পারে, যা জীবনের জন্য হুমকিও হয়ে দাঁড়াতে পারে।
আলফা-গাল সিনড্রোম দেখা দিতে পারে এমন বিপজ্জনক খাবারগুলোর মধ্যে আছে: শূকর, গরু, খরগোশ, ভেড়া ও হরিণের মাংস, জিলেটিন, দুধ, দুগ্ধজাত পণ্য এবং নির্দিষ্ট কিছু ওষুধ। এগুলো খেলে পেটে ব্যথা, ডায়রিয়া, আমবাত, শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং মারাত্মক অ্যালার্জিজনিত জটিলাতা ‘অ্যানাফিলাক্সিস’ দেখা দিতে পারে।
সিডিসি বলছে, আলফা–গাল সিনড্রোমের প্রভাব মানুষভেদে ভিন্ন হতে পারে। প্রভাব হতে পারে মৃদু থেকে তীব্র বা প্রাণঘাতী। বিশেষ করে অ্যানাফিলাক্সিস দেখা দিলে শরীরের একাধিক অঙ্গের ওপর এর প্রভাব পড়ে। ফলে জরুরি ভিত্তিতে চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়তে পারে।
তবে অনেকের দেহে আবার আলফা–গাল সিনড্রোমের লক্ষণ নাও দেখা দিতে পারে।মাংস পরিপাক করতে বেশি সময় লাগলে এই অ্যালার্জিক লক্ষণগুলো ধরা কঠিন হতে পারে।
সিডিসি’র হিসাবমতে, ২০১০ সালে থেকে ১১০,০০০ বেশি আলফা–গাল সিনড্রোম শনাক্ত হয়েছে। আর ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত শনাক্ত বছরপ্রতি প্রায় ১৫ হাজার বেড়েছে।
তবে রোগ চট করে ধরা যায় না বলে যুক্তরাষ্ট্রে শনাক্তের চেয়ে বেশি মানুষের শরীরে আলফা–গাল সিনড্রোম থাকতে পারে এবং এ সংখ্যা ৪ লাখ ৫০ হাজার পর্যন্ত হতে পারে বলেই ধারণা সিডিসি-র।
চিকিৎসকরাও এ অ্যালার্জি সম্পর্কে তেমন জনেন না। গত বছর ১,৫০০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ওপর একটি জারিপে দেখা গেছে, তাদের ৪২ শতাংশই আলফা–গাল সিনড্রোমের কথা কখনও শোনেননি।
