প্রিগোজিনের ওপর এখনও প্রতিশোধ নিতে পারেন পুতিন: সিআইএ
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সময় নিচ্ছেন। ভাবছেন, ওয়াগনার প্রধানকে কীভাবে শায়েস্তা করা যায়- বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাটির পরিচালক বার্নস।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের ওপর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ নিতে পারেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ- এর পরিচালক উইলিয়াম বার্নস।
তিনি বলেন, পুতিন সময় নিচ্ছেন। ভাবছেন, প্রিগোজিনকে কীভাবে শায়েস্তা করা যায়।
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রিগোজিনের নেতৃত্বে একমাস আগে বিদ্রোহ করেছিল ওয়াগনার যোদ্ধারা। মস্কোর দিকে যাত্রা শুরু করেছিল তারা। পরে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় পিছু হটেন প্রিগোজিন।
ওই বিদ্রোহ পুতিনের শাসন ব্যবস্থার দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। তাই প্রিগোজিনের ওপর পুতিন এখনও প্রতিশোধ নিতে চাইতে পারেন- অ্যাস্পেন সিকিউরিটি ফোরামকে বৃহস্পতিবার একথা বলেন সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস।
বিদ্রোহের চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রিগোজিন অবস্থান পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি বেলারুশের রাজধানী মিনস্কে ছিলেন আবার রাশিয়াতেও থেকেছেন। ওয়াগনার প্রধানকে দৃশ্যত বেলারুশে দেখা যাওয়া সাম্প্রতিক একটি ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে একথা সিআইএ প্রধান।
“ওয়াগনার গ্রুপের প্রধানকে কীভাবে শায়েস্তা করবেন সেকথা ভেবেই পুতিন সম্ভবত সময় নিচ্ছেন,” বলেন তিনি।
বিবিসি জানায়, আফ্রিকা, লিবিয়া এবং সিরিয়ার মতো জায়গায় রাশিয়ার নেতৃত্বের জন্য পুতিনের কাছে এখনও ওয়াগনার যোদ্ধাদের মূল্য আছে। সেকারণে সেনাদলটির নেতৃত্ব থেকে প্রিগোজিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা পুতিন সম্ভবত নেবেন।
সিআইএ পরিচালক বার্নস মনে করেন, পুতিন সমুচিত প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি সাধারনত ঠান্ডা মাথায় প্রতিশোধ নেওয়ারই চিন্তা করেন।
চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছিলেন, ওয়াগনার প্রধান বিপদে থাকতে পারেন। তার বিষ প্রয়োগের শিকার হওয়ার ঝুঁকি আছে। প্রিগোজিনের সাবধান থাকা উচিত।
কৌতুক করে তিনি বলেছিলেন, “আমি প্রিগোজিন হলে যা খেতাম সতর্ক থাকতাম। খাবারের দিকে নজর রাখতাম।”
সিআইএ পরিচালন বানর্স বৃহস্পতিবার অনেকটা বাইডেনের সুরেই কথা বলেছেন। তিনি বলেন, “আমি প্রিগোজিন হলে, তবে খাবার পরীক্ষককে বরখাস্ত করতাম না।”
