‘আমি হলে যা খেতাম, সতর্ক থাকতাম’, লাপাত্তা প্রিগোজিনকে নিয়ে বাইডেনের কৌতুক
ব্যর্থ বিদ্রোহের পর রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের বিষ প্রয়োগের শিকার হওয়ার ব্যাপারে সাবধান থাকা উচিত বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহে ব্যর্থতার পর ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বিপদে থাকতে পারেন। বিষ প্রয়োগের শিকার হওয়ার ব্যাপারে তার সাবধান থাকা উচিত বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
এ নিয়ে কৌতুক করে তিনি বলেছেন, “আমি প্রিগোজিন হলে, যা খেতাম, তা নিয়ে সতর্ক থাকতাম, খাবারের মেন্যুর দিকে নজর রাখতাম।” ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
গত জুনে ওয়াগনারের বিদ্রোহের পর থেকে প্রিগোজিনের হদিস নেই। এ সপ্তাহের শুরুর দিকে মস্কো জানিয়েছিল, বিদ্রোহের ঘটনার পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করেছিলেন প্রিগোজিন ও তার দলের কমান্ডাররা। তবে বর্তমানে প্রিগোজিন কোথায় আছেন, তা স্পষ্ট নয়।
ইউক্রেইনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল প্রিগোজিনের ওয়াগনার বাহিনী। এরই মধ্যে গত ২৪ জুন রুশ সামরিক নেতৃত্বের ওপর ক্ষুব্ধ প্রিগোজিন বিদ্রোহ ঘোষণা করেন। মস্কোর দিকে যাত্রা শুরু করে ওয়াগনার যোদ্ধারা।
পরে বেলারুশের মধ্যস্থতায় মস্কোর সঙ্গে এক সমঝোতা চুক্তির মধ্য দিয়ে বিদ্রোহ থামাতে রাজি হন প্রিগোজিন। এ চুক্তি অনুযায়ী প্রিগোজিন ও তার কিছু যোদ্ধার বেলারুশে চলে যাওয়ার কথা।
প্রথমে মনে করা হচ্ছিল প্রিগোজিন বেলারুশে নির্বাসনে চলে গেছেন। কিন্তু বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন যে, প্রিগোজিন হয়ত রাশিয়াতেই আছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রথমে ওয়াগনারের বিদ্রোহ দমন করতে চাইলেও পরে ওই সমঝোতা চুক্তি হয়। এই চুক্তির শেষ পর্যন্ত কী হয়েছে এবং প্রিগোজিনের ভাগ্যে কী ঘটেছে তা নিয়েও রহস্য আছে।
রাশিয়ার কমারসান্ট পত্রিকায় পুতিন যে কথা বলেছেন,তাতেও ওয়াগনার এবং প্রিগোজিনের ভাগ্য নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, “কেবল সৃষ্টিকর্তাই জানেন, তার (প্রিগোজিন) ভাগ্যে কী আছে। তিনি কোথায় আছেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক কিরকম তাও আমরা নিশ্চিত করে জানিনা। রাশিয়ায় প্রিগোজিনের ভবিষ্যৎ কি তাও আমাদের কেউ জানে বলে আমি মনে করি না।”
ওয়াগনারকে যোদ্ধা দল হিসাবে রাখা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিন কমারসান্ট পত্রিকাকে বলেছিলেন, “ওয়াগনারের আর অস্তিত্ব নেই।”
যদিও ক্রেমলিন জানিয়েছিল, গত ২৯ জুনে প্রিগোজিনের সঙ্গে বৈঠকে পুতিন ওয়াগনারকে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব করেছিলেন এবং ওয়াগনারও তার আনুগত্য স্বীকার করেছিল।
কিন্তু পুতিন এ প্রস্তাব দিলেও প্রিগোজিনকে সরিয়ে সেনাদলের কমান্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন- এমন কথাও বলেছে কমারসান্ট পত্রিকা।
