২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে ২ পুলিশসহ নিহত ৬

ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইমবিয়াতে পুলিশের ছোট একটি দল তল্লাশি চালাতে গিয়ে গুলিবর্ষণের মুখে পড়ে।

অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে ২ পুলিশসহ নিহত ৬

নিহত দুই পুলিশ কর্মকর্তা। ছবি: কুইন্সল্যান্ড পুলিশ

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 10:40 AM

Updated : 13 Dec 2022, 10:40 AM

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে সম্ভাব্য অতর্কিত হামলার এক ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে ব্রিসবেন থেকে ২৭০ কিলোমিটার পশ্চিমে উইমবিয়াতে তল্লাশি চালাচ্ছিল, তখন তাদের ওপর গুলিবর্ষণ করা হয়।

একটি বাড়ি দীর্ঘ সময় অবরোধ করে রাখার পর পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন নিহত হয়। কী কারণে পুলিশের ওপর গুলি চালানো হয়েছিল তা পরিষ্কার হয়নি, জানিয়েছে কর্তৃপক্ষ।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, “অস্ট্রেলিয়ার জন্য এটি একটি হৃদয়বিদারক দিন।”

বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকালে নিউ সাউথ ওয়েলস পুলিশের অনুরোধে কুইন্সল্যান্ডের চার পুলিশ কর্মকর্তা প্রথমে ওই বাড়িতে গিয়েছিল।

কনস্টেবল ম্যাথু আর্নল্ড (২৬) ও র‌্যাচেল ম্যাকক্রো (২৯) ওই বাড়ির কাছাকাছি যাওয়ার পরপরই তাদের গুলি করে মেরে ফেলা হয়। আরেক কর্মকর্তা গুলির আঘাতে আহত হন এবং চতুর্থ জন ওই বাড়ি থেকে পালিয়ে আসতে সক্ষম হন বলে জানিয়েছে পুলিশ।

৫৮ বছর বয়সী এক প্রতিবেশী ‘ঘটনা কী’ দেখতে এসে সন্দেহভাজনদের গুলিতে নিহত হন। তার নাম প্রকাশ করা হয়নি। 

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ক্যাটরিনা ক্যারোল এই ঘটনাকে ‘অকল্পনীয় শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করে অনেক বছরের মধ্যে একটি ঘটনায় তাদের বাহিনীর ‘সবচেয়ে বড়’ প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন।

“ওই কর্মকর্তারা কোনো সুযোগই পাননি। বাকি দু’জনের জীবন নিয়ে ফিরে আসাই একটি অলৌকিক ঘটনা,” মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন তিনি।

ক্যারোল জানান, আর্নল্ড ও ম্যাকক্রো তুলনামূলকভাবে পুলিশে নতুন হলেও প্রতিশ্রুতিবদ্ধ ও সাহসের কারণে সুনাম অর্জন করেছিলেন। 

তিনি জানান, স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ১৬ জনের একটি দল ‘সাহসের’ সঙ্গে এই জুটিকে উদ্ধারের চেষ্টা চালায়, কারণ তারা জীবিত আছেন এমনটিই ধারণা ছিল তাদের; এরপর পুলিশের বিশেষ বাহিনী এসে অভিযানের দায়িত্বভার তুলে নেয়।

সন্দেহভাজন দুই পুরুষ ও এক নারী গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার আগে চার ঘন্টা ধরে অবরোধ অব্যাহত ছিল। 

ঘটনার বিষয়ে তদন্ত চলছে জানিয়ে ক্যারোল বলেন, এ ঘটনায় ‘বহু অস্ত্র’ ব্যবহৃত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা ‘চোরাগোপ্তা হামলার’ শিকার হয়েছেন। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট অভিযোগ করে বলেছেন, তাদের ‘ঠাণ্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

অস্ট্রেলীয় গণমাধ্যম এবিসিকে তিনি বলেন, “তাদের ওপর টানা গুলিবর্ষণ করা হয়েছে। তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।”

স্থানীয় এমপি ডেভিড লিটলপ্রাউড জানিয়েছেন, এ হামলার ঘটনায় তাদের এলাকাবাসী ‘স্তব্ধ’ হয়ে গেছে।

“ছোট এই গ্রামীণ শহরে এ ধরনের ঘটনা ঘটে না,” বলেন তিনি।  

ময়নাতদন্তকারী কর্মকর্তা মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে দেখবেন এবং পুলিশ যেভাবে সাড়া দিয়েছে তা বাহিনীটির নৈতিক মানদণ্ড অনুযায়ী আদর্শ অনুশীলনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা যাচাই করে দেখা হবে বলে জানা গেছে।