২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২

ছুরি নিয়ে এক ব্যক্তি সেখানে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ইন্দোনেশিয়ায় থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২

পশ্চিম জাভার বান্দুংয়ে একটি থানায় বিস্ফোরণের পর সেখানে পাহারা দিচ্ছে ইন্দোনেশিয়ার পুলিশ সদস্যরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 11:15 AM

Updated : 07 Dec 2022, 03:27 PM

ইন্দোনেশিয়ার বান্দুং শহরের একটি থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির নতুন ফৌজদারি আইন নিয়ে ক্ষুব্ধ এক সন্দেহভাজন জঙ্গি থানায় ঢুকে আত্মঘাতী বিস্ফোরণটি ঘটিয়েছে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় পুলিশ বাহিনীর জনসংযোগ ব্যুরোর প্রধান আহমদ রমাদান বলেছেন, বুধবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

ঘটনা তদন্তে কর্তৃপক্ষগুলো সন্ত্রাসবিরোধী ইউনিটগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে তিনি।

ইন্দোনেশিয়ার সন্ত্রাসবিরোধী এজেন্সি বিএনপিটির ইবনু সুহেন্দ্রা মেট্রো টিভিকে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত জামায়া আনশারুত দৌলা (জেএডি) এ হামলার পেছনে থাকতে পারে।

তিনি জানান, এর আগেও জেএডি ইন্দোনেশিয়ায় একই ধরনের হামলা চালিয়েছিল।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশ প্রধান সুনতানা মেট্রো টিভিকে বলেন, ঘটনাস্থলে নীল রঙের একটি মোটরবাইক পাওয়া গেছে, হামলাকারী এটি ব্যবহার করেছে বলে ধারণা কর্তৃপক্ষের; মোটরবাইকটির বিষয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।

তিনি আরও জানান, ওই মোটরবাইকে একটি নোট পাওয়া গেছে, তাতে মঙ্গলবার ইন্দোনেশিয়ার পার্লামেন্টে অনুমোদন পাওয়া নতুন ফৌজদারি আইন প্রত্যাখ্যানের বার্তা দেওয়া হয়েছে।

Image

ইন্দোনেশিয়ায় থানায় সম্ভাব্য আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২

“মোটরবাইকটিতে একটা নোট ছিল, তাতে ফৌজদারি আইনটিকে নাস্তিকদের পণ্য বলা হয়েছে আর এটির বাস্তবায়নকারীদের নির্মূলের ডাক দেওয়া হয়েছে,” বলেন সুনতানা।

বিশ্লেষকরা জানিয়েছেন, কিছু ধর্মীয় চরমপন্থি রাষ্ট্রীয় আইন প্রত্যাখ্যান করে ইসলামকে একমাত্র বৈধ কর্তৃত্ব বলে গ্রহণ করেছে।

সুনতানা জানিয়েছেন, হামলাকারী দু’টি বোমা নিয়ে ঘটনাস্থলে এসেছিল, কিন্তু শুধু একটি ফাটানোর সময় পেয়েছে।

মেট্রো টিভির ফুটেজে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত পুলিশ ভবনটির কিছু ধ্বংসাবশেষ নিচে পড়ে আছে আর বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া বের হচ্ছে। বান্দুংয়ের বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বিস্ফোরণের বিকট শব্দ শুনেছেন।

এর আগে বান্দুংয়ের পুলিশ কর্মকর্তা আসউইন সিপাইয়ুং মেট্রো টিভিকে বলেছিলেন, সকালে ৮টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ছুরি নিয়ে থানায় প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জঙ্গিরা বিভিন্ন সময় বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় বিদেশিদের সমাগম আছে এমন স্থানগুলোসহ থানা ও গির্জায় হামলা চালিয়েছে।

গত কয়েক বছরে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা চালানোর পর জঙ্গিদের দমন করতে কঠোর সন্ত্রাসবিরোধী আইন তৈরি করেছে কয়েক হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়া।

আরও পড়ুন:

পুরনো খবর:

বিয়েবহির্ভূত যৌন সম্পর্ক নিষিদ্ধের আইন অনুমোদন ইন্দোনেশিয়ার পার্লামেন্টে