ল্যাভরভ-ব্লিনকেন ফোনালাপ, আটক সাংবাদিকের মুক্তি দাবি
ফোনালাপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার মার্কিন সাংবাদিক আটকের এই অগ্রহণযোগ্য ঘটনা নিয়ে ওয়াশিংটনের গভীর উদ্বেগের কথা রুশ পররাষ্ট্রমন্ত্রীকে জানান।
গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের আটক সাংবাদিক ইভান গার্শকোভিচকে নিয়ে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
রোববারের এই ফোনালাপে ব্লিনকেন রাশিয়ার মার্কিন সাংবাদিক আটকের এই অগ্রহণযোগ্য ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা ল্যাভরভকে জানান।
একইসঙ্গে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানান ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
ওদিকে, সের্গেই ল্যাভরভ ওয়াশিংটনের বিরুদ্ধে সাংবাদিক আটকের ঘটনাটিকে রাজনীতিকীকরণের অভিযোগ করে ব্লিনকেনকে বলেছেন, এটি মেনে নেওয়া যায় না।
ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটকের বিষয়টি গত বৃহস্পতিবার নিশ্চিত করে জানায় রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা এফএসবি।
গোপন তথ্য হস্তগত করার চেষ্টার অভিযোগে ইয়েকাতেরিনবার্গ শহর থেকে গার্শকোভিচকে গ্রেপ্তার করা হয়। স্নায়ুযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের সাংবাদিক হিসাবে গার্শকোভিচই প্রথম রাশিয়ায় গুপ্তরবৃত্তির অভিযোগে আটক হয়েছেন।
ক্রেমলিন বলছে, গার্শকোভিচ হাতেনাতে ধরা পড়েছেন। তবে ওয়াল স্ট্রিট জার্নাল এমন কথা অস্বীকার করেছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনকে বলেছেন, গার্শকোভিচের ভাগ্য নির্ধারণ হবে আদালতে।
এক্ষেত্রে রাশিয়া ফেডারেশনের আইন এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গতি রেখে রাশিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সম্মান দেখানোর প্রয়োজনীয়তার বিষয়ে ব্লিনকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফোনালাপে আরেক মার্কিন নাগরিক পল উইল্যানেরও অবিলম্বে মুক্তি দাবি করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। পল উইল্যান একজন সাবেক মার্কিন মেরিন সেনা।
২০১৮ সালের ডিসেম্বরে মস্কোয় গ্রেপ্তার হন তিনি। তার বিরুদ্ধে গোয়েন্দাগিরিতে জড়িত থাকার অভিযোগ করেছে রাশিয়া। ২০২০ সালের জুনে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। উইল্যানকে রাশিয়া ভুলক্রমে আটক করেছে বলেই ভাষ্য যুক্তরাষ্ট্রের।
ইউক্রেইনে রাশিয়ার আগ্রসন শুরুর পর থেকে খুব কমই কথা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। রোববার দুইজনের মধ্যকার এই ফোনালাপ ছিল তেমনই বিরল এক যোগাযোগ।
যুক্তরাষ্ট্রের আটক নাগরিকদের নিয়েই মূলত তাদের আলাপ হয়েছে। এর আগে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর দুইজনের মধ্যে প্রথম কথা হয়েছিল গতমাসে ভারতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে।
