অস্ট্রেলিয়ায় ডিসেম্বরে পুলিশসহ ৬ জন নিহত ‘ধর্মীয় সন্ত্রাসী হামলায়’
কর্তৃপক্ষ বলেছে, এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে খ্রিস্টীয় চরমপন্থি মতবাদের যোগ পাওয়া গেল।
অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এক এলাকায় যে চোরাগোপ্তা হামলার ঘটনায় ৬ জন নিহত হয়েছিল সেটিকে ধর্মীয় উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাসী হামলা বলে ঘোষণা করা হয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, এই প্রথম অস্ট্রেলিয়ায় কোনো সন্ত্রাসী হামলার সঙ্গে খ্রিস্টীয় চরমপন্থি মতবাদের যোগ পাওয়া গেল।
গত ডিসেম্বরে কুইন্সল্যান্ডের এক গ্রামীণ খামারে নাথানিয়েল, স্টেসি ও গ্যারেথ ট্রেইন অতির্কিত গুলিবর্ষণে দুই পুলিশ কর্মকর্তা ও এক প্রতিবেশী নিহত হয়েছিল।
পরে পুলিশের সঙ্গে দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলার পর তাদের গুলিতে এই তিন হামলাকারীও নিহত হয়েছিল।
এদের মধ্যে নাথানিয়েল ও গ্যারেথ আপন ভাই। এই দুই ভাইয়ের সঙ্গেই স্টেসির আলাদা আলাদা সময়ে বিয়ে হয়েছিল।
এ তিনজনের সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্বের সম্পর্ক ছিল কিনা, পুলিশ তা তদন্ত করে দেখছে।
বৃহস্পতিবার কুইন্সল্যান্ড পুলিশের ডেপুটি কমিশনার ট্রেসি লিন্ডফোর্ড জানান, তদন্তে তারা জানতে পেরেছেন ট্রেইন ভাতৃদ্বয় ‘একটি স্বায়ত্তশাসিত সেলের মতো কাজ করেছিল’ এবং ‘ধর্মীয়ভাবে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছিল’।
তারা ‘প্রি-মিলেনিয়ালিজম’ নামের একটি খ্রিস্টীয় মৌলবাদী চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে পুলিশের ওপর হামলা চালিয়েছিলেন।
“তারা পুলিশকে শয়তান হিসেবে দানব, রাক্ষস বলে অভিহিত করতো। বিশ্বজুড়ে অন্য অনেক হামলায় খ্রিস্টীয় উগ্রবাদী ধারণার যোগ পাওয়া গেছে, কিন্তু এটিকে অস্ট্রেলিয়ায় এবারই প্রথম দেখতে পেলাম আমরা,” বলেছেন লিন্ডফোর্ড।
তিনি আরও জানান, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল। হামলার ব্যাপারে নাথানিয়েল, গ্যারেথ ও স্টেসির যে আগে থেকেই পরিকল্পনা ও প্রস্তুতি ছিল তদন্ত কর্মকর্তারা তার ‘উল্লেখযোগ্য প্রমাণ’ পেয়েছেন।
যে খামারবাড়িতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছিল, গ্যারেথ ও স্টেসি তার মালিক ছিলেন। সেখানে লুকানোর জায়গা, ব্যারিকেড, মাটির ডিবি, বন্দুক, ছুরি, সিসিটিভি এবং গাছে গাছে আয়না লাগানোও ছিল।
হামলায় আর কারও অংশ নেওয়ার বা হামলাকারীদের কেউ সহযোগিতা করেছে, এমন ‘কোনো প্রমাণ’ পাওয়া যায়নি; তবে ট্রেইন ভাতৃদ্বয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকজনের সঙ্গে যোগাযোগ ছিল, পুলিশ সেখানকার তদন্ত কর্মকর্তাদের সঙ্গে এসব তথ্য শেয়ার করেছে, জানিয়েছেন লিন্ডফোর্ড।
“এসব তথ্যের ভিত্তিতে তারা কী ধরনের তদন্ত করবে, তা তারাই ঠিক করবে,” বলেছেন তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস থেকে নাথানিয়েল ট্রেইনের নিখোঁজ হওয়ার পেয়ে ১২ ডিসেম্বর পুলিশ ব্রিসবেন থেকে প্রায় ২৭০ কিলোমিটার পশ্চিমের একটি খামারবাড়িতে যায়।
গাড়ি থেকে বের হয়ে ওই বাড়ির দিকে যাওয়ার মুখেই চার পুলিশ কর্মকর্তা গুলির মুখে পড়েন।
এর মধ্যে দুই কনস্টেবল- ম্যাথিউ আর্নল্ড (২৬) ও র্যাচেল ম্যাকক্রো (২৯) একাধিকবার গুলিবিদ্ধ হন। তৃতীয়জন আহত হলেও পালাতে সক্ষম হন। চতুর্থ পুলিশ কর্মকর্তাও বন্দুকধারীদের কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েন, যারা তাকে ভয় দেখিয়ে বের করে দেওয়ার চেষ্টায় আগুন জ্বালিয়েছিল।
পুলিশকে সহায়তা করতে প্রতিবেশী অ্যালান ডেয়ার (৫৮) ঘটনাস্থলে উপস্থিত হলে তিনিও গুলিবিদ্ধ হয় মারা যান।
নাথানিয়েল, গ্যারেথ ও স্টেসির উগ্রবাদে দীক্ষিত হওয়ার পেছনে ‘একটিমাত্র কারণ’ ছিল না বলেই মনে করেন লিন্ডফোর্ড।
২০২১ সালে নাথানিয়েলের হার্ট অ্যাটাক ‘তার জন্য এবং তার ঈশ্বরে বিশ্বাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মুহূর্ত’ হয়ে দাঁড়ায়। কোভিড-১৯ এর টিকাদান বিষয়ক বাধ্যবাধকতায় গ্যারেথ ও স্টেসি তাদের স্কুলের চাকরি হারালে, তাও তাদের সরকারবিরোধী দৃষ্টিভঙ্গি তীব্র করে।
তদন্ত কর্মকর্তারা তিনজনের মানসিক স্বাস্থ্যকেও বিবেচনায় নিয়েছিলেন, কিন্তু পরে এ ঘটনা ‘মানসিক স্বাস্থ্যজনিত কারণে হতে পারে’ সেই সম্ভাবনা উড়িয়ে দেন তারা, বলেছেন লিন্ডফোর্ড।
“তিনজন একসঙ্গে কাজ করায় এ ঘটনার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে দায়ী করা কঠিন,” বলেছেন তিনি।
হামলার বিচারবিভাগীয় তদন্তে সবদিক খতিয়ে দেখা হবে, সেখানে ট্রেইন ভাতৃদ্বয়ের উদ্দেশ্য সম্পর্কে চূড়ান্তভাবে জানা যাবে, বলেছেন পুলিশের এই ডেপুটি কমিশনার।
আগের খবর:
