২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় জীবনযাত্রা ‘ব্যয় কমাবেন’, মন্ত্রিসভাও ছোট রাখবেন আনোয়ার

প্রথম দিনের কাজ নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী। দেশকে ঐক্যবদ্ধ করাসহ দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরও অঙ্গীকার করেন তিনি।

মালয়েশিয়ায় জীবনযাত্রা ‘ব্যয় কমাবেন’, মন্ত্রিসভাও ছোট রাখবেন আনোয়ার

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 25 Nov 2022, 10:52 PM

Updated : 26 Nov 2022, 12:17 AM

মালয়েশিয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোকে অগ্রাধিকার দেবেন এবং সেইসঙ্গে ছোট মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার প্রথম কার্যালয়ের দায়িত্ব পালন করছেন আনোয়ার। এর আগে বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছিলেন তিনি।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রথম দিনের কাজ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। সেখানেই তিনি জানান, তার নজর এখন মূলত জীবনযাত্রা ব্যয় সমস্যার সমাধানের দিকে।

তিনি বলেন, প্রাথমিক উদ্বেগের বিষয়টি হচ্ছে অর্থনীতি। সেদিকটি বিবেচনায় আগের সব প্রশাসনের চেয়ে এবারের মন্ত্রিসভার আকার ছোট রাখা হবে।

জনগণের জীবযাত্রা ব্যয় বাড়তে থাকার কারণে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার কোনও বেতন নেবেন না বলেও জানিয়েছেন।

মালয়েশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশে ঐক্য প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়েরও অঙ্গীকার করেছেন আনোয়ার।

আনোয়ার ইব্রাহিম এখনও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেননি। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন তার মন্ত্রিসভায় দুইজন উপ-প্রধানমন্ত্রী থাকবেন। তারা হলেন একজন সাবেক ক্ষমতাসীন জোট বারিসান থেকে এবং অন্যজন মালয়েশিয়ান বোর্নিওর ছোট রাজনৈতিক ব্লকগুলো থেকে।

বৃহস্পতিবার আনোয়ার জানিয়েছিলেন, বারিসান এবং মালয়েশিয়ান বোর্নিওর দলগুলোর জোট তার সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে।

শুক্রবার আনোয়ার জানান, আরেকটি বোর্নিও ব্লকও তার সঙ্গে যোগ দেওয়ায় তিনি ২২২ আসনের পার্লামেন্টে দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন পেয়ে গেছেন।

এই সংখ্যাগরিষ্ঠতার ফলে আনোয়ারের সরকার সংবিধান সংশোধনের ক্ষমতা পাবে। ২০০৮ সালের পর থেকে মালয়েশিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষে কোনও সরকারের এ ধরনের সংখ্যাগরিষ্ঠতা ছিল না।

মালয়েশিয়ায় গত শনিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কোনও দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শেষ পর্যন্ত নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্টে তৈরি হয়।

আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন একটি ও সাবেক প্রধানমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন অপর রাজনৈতিক জোটও কাঙ্ক্ষিত ফল পায়নি। রাজনৈতিক দলগুলো সরকার গঠনে নিজেদের মধ্যে সমঝোতায়ও ব্যর্থ হয়।

মালয়েশিয়ার ২২২ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১২টি আসন। আনোয়ারের দল পায় ৮২টি আসন আর মুহিউদ্দিনের পারিকাতান ন্যাশনাল পায় ৭৩টি।

নির্বাচনের চার দিন পর অচলাবস্থা থেকে উত্তরণে নতুন প্রধানমন্ত্রী বাছাই নিয়ে আলোচনার জন্য সুলতানদের ‘কাউন্সিল অব রুলার্স’ এর বিশেষ বৈঠক ডাকেন রাজা আল-সুলতান আবদুল্লাহ। পরে তিনি আনোয়ার ইব্রাহিমকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন।

২৪ বছর অপেক্ষার পর প্রধানমন্ত্রী:

২৪ বছরের দীর্ঘ সময়ের অপেক্ষা, সংগ্রামের পর মালয়েশিয়ার ১০তম প্রধানমন্ত্রী হয়েছেন আনোয়ার ইব্রাহিম।

নানা চড়াই–উতরাইয়ের ওই সময়টিতে সমকামিতা ও দুর্নীতির মতো সব অভিযোগ মাথায় নিতে হয়েছিল তাকে। কারাভোগও করতে হয়েছে দীর্ঘ সময়।

অবশেষে লক্ষ্যে পৌঁছেছেন তিনি। যদিও এবারও তার প্রধানমন্ত্রী হওয়ার পথ মসৃণ ছিল না। নির্বাচনে কোনও দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনিশ্চয়তার ঘেরাটোপে ছিল রাজনীতি।

তবে শেষ পর্যন্ত রাজার হস্তক্ষেপে সব অচলাবস্থার কাটিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন।

মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই বিরোধীদলীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন আনোয়ার ইব্রাহিম। অনেক সময়ই প্রধানমন্ত্রী হওয়ার খুব কাছাকাছি এসেও তিনি তা হতে পারেননি।

১৯৯০ সালে আনোয়ার উপপ্রধানমন্ত্রী ছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ১৯৯৮ সালে দুই নেতার মধ্যে দ্বন্দ্বের জেরে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয় আনোয়ার ইব্রাহিমকে।

এরপর মাহাথিরের বিরুদ্ধে জনবিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন আনোয়ার। পরে তাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুই অভিযোগেই তার কারাদণ্ড হয়েছিল।

তবে সব অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সবসময়ই দাবি করে এসেছেন আনোয়ার ইব্রাহিম।

মাহাথিরের অবসরের পর ২০০৪ সালে আনোয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন। ২০১৬ সালে সবাইকে অবাক করে দিয়ে আবার প্রধানমন্ত্রী পদে ফেরার ঘোষণা দেন মাহাথির।

তৎকালীন দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী নাজিব রাজাককে সরাতে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে  চুক্তি করে ক্ষমতায় ফেরার পথ নেন মাহাথির।

এরপর ২০১৮ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে নির্বাচনী জোটের চুক্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী হওয়ার অপেক্ষায় ছিলেন আনোয়ার। দুই বছরের মধ্যে আনোয়ারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল।

কিন্তু ক্ষমতা হস্তান্তরে মাহাথির মোহাম্মদের গড়িমসি এবং ২০২০ সালে অপ্রত্যাশিতভাবে মাহাথিরের অবসরে পাকাতান হারাপান জোট ভেঙে পড়ায় আনোয়ারের স্বপ্ন আর পূরণ হয়নি।

ক্ষমতায় আসে তখন ইউনাইটেড মালায়স ন্যাশনাল অর্গানাইজেশন। নতুন প্রধানমন্ত্রী হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে এক বছর পরই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগ করেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী হন ইসমাইল সাবরি ইয়াকুব। আগাম নির্বাচনের ডাক দেন তিনি। আর এর মধ্য দিয়েই এবার লক্ষ্য পূরণ করতে সক্ষম হলেন আনোয়ার।

সামনে আছে যেসব চ্যালেঞ্জ:

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার নতুন কোনও নীতি বাস্তবায়ন করার আগেইতাকে আগামী মাসে আরেকটি পরীক্ষার সম্মুখীন হতে হবে। আর তা হচ্ছে ১৯ ডিসেম্বরে পার্লামেন্টের প্রথম অধিবেশনের দিনই আস্থা ভোট করা।

আনোয়ারের প্রতিপক্ষ পেরিকাতান ন্যাশনাল জোটের নেতা মুহিউদ্দিন ইয়াসিন পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রীকে (আনোয়ার) সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কারণেই আস্থা ভোটের এ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে হচ্ছে।

এ ছাড়া দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি জাতিগত উদ্বেগ কমাতেও কাজ করতে হবে তাকে। দেশটিতে বর্তমানে ধর্ম ও জাতির ভিত্তিতে অনেক বেশি মেরুকরণ এবং বিভক্তি দেখা দিয়েছে। এর পরিস্থিতিতে দেশকে ঐক্যবদ্ধ করা আনোয়ারের জন্য বড় চ্যালেঞ্জ।

আনোয়ারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ আগামী বছরের বাজেট। নির্বাচনের আগে এ বাজেট উত্থাপন করা হলেও তা পাস হয়নি।