১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

চার কৌশলে বাড়বে মনোযোগ ও স্মৃতিশক্তি

বয়সের সঙ্গে মস্তিষ্কের ক্ষমতা কমতেই পারে। তবে নির্দিষ্ট নিয়ম মানলে ক্ষতি এড়ানো যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:54 PM

Updated : 15 Nov 2026, 12:54 PM

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোনও কাজে মনোযোগ ধরে রাখা বা নতুন কোনও তথ্য মনে রাখা আগের চেয়ে কঠিন মনে হতে পারে।

চিকিৎসাবিজ্ঞান বলছে, এটি মোটেও মনের কোনও ভুল ধারণা নয়; বরং বয়স বৃদ্ধির স্বাভাবিক প্রক্রিয়ায় চিন্তাভাবনা ও স্মৃতিশক্তিতে ধীরে ধীরে পরিবর্তন আসে।

গবেষণায় দেখা গেছে, মাত্র ৪৫ বছর বয়স থেকেই স্মৃতিশক্তি ক্ষয় হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

মস্তিস্কের তথ্য প্রক্রিয়াকরণের গতি ধীর হয়ে গেলে তথ্যের জট তৈরি হয়, ফলে নতুন তথ্য স্বল্পমেয়াদী স্মৃতিতে প্রবেশ করতে এবং পরে দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হতে বাধা পায়।

তবে দৈনন্দিন অভ্যাসে সামান্য কিছু পরিবর্তন এনে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত করা সম্ভব।

ওপরের তথ্যগুলো জানিয়ে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪টি কার্যকর কৌশল তুলে ধরেন, যুক্তরাষ্ট্রের বোস্টনের ‘ব্রিগহাম অ্যান্ড উইমেন’স হসপিটাল’-এর চিকিৎসক এবং হার্ভার্ড হেলথ পাবলিশিংয়ের প্রধান চিকিৎসা সম্পাদক ডা. হাওয়ার্ড ই. লেওয়াইন।

বক্তার দিকে তাকিয়ে গভীরভাবে শোনা

কেউ যখন কোনও কথা বলেন, তখন তার দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কথার কোনও অংশ বুঝতে অসুবিধা হলে বা ছুটে গেলে কোনও সংকোচ ছাড়াই বক্তাকে বিষয়টি পুনরায় বলতে অথবা আরেকটু ধীরে বলার অনুরোধ করা উচিত।

শোনা কথা নিজের ভাষায় পুনরাবৃত্তি করা

অন্যের বলা তথ্যটি সঠিকভাবে বোঝা গেছে কি-না সেটা নিশ্চিত করতে এবং মস্তিস্কে তথ্যটি স্থায়ীভাবে গেঁথে নিতে, কথাটি নিজের ভাষায় গুছিয়ে পুনরাবৃত্তি করা কার্যকর পদ্ধতি।

যেমন, কেউ যদি বলেন, ‘আমরা সন্ধ্যা সাড়ে সাতটায় বসুন্ধরায় বা ৭টা ৫০ মিনিটে সীমান্ততে ‘শো’ দেখতে যাব’, তবে উত্তরে বলা যেতে পারে, ‘আপনার কোনটি বেশি পছন্দ- সাড়ে ৭টায় বসুন্ধরাতে নাকি ৭টা ৫০ মিনিটে সীমান্তে?’ এভাবে তথ্যটি মুখে উচ্চারণ করলে সেটা সহজে ভোলা যায় না।

কথোপকথনের জন্য শান্ত পরিবেশ বেছে নেওয়া

আড্ডা বা আলোচনার সময় যদি সহজেই মনোযোগ হারিয়ে ফেলার প্রবণতা থাকে, তবে কোলাহলপূর্ণ রেস্তোরাঁর বদলে কারও বাড়ির শান্ত পরিবেশে দেখা করার পরিকল্পনা করা উচিত।

আর যদি রেস্তোরাঁয় বসতেই হয়, তবে দেয়ালের কাছাকাছি কোনও টেবিল বেছে নিতে হবে। এক্ষেত্রে সঙ্গীকে দেয়ালের দিকে পিঠ দিয়ে বসিয়ে, নিজে তার মুখোমুখি বসলে আশপাশের অন্যদের নড়াচড়ায় দৃষ্টি বিক্ষিপ্ত হবে না এবং সঙ্গীর কথায় পুরোপুরি মনোযোগ দেওয়া সম্ভব হবে।

একসঙ্গে একটি কাজই করা

একই সময়ে একাধিক কাজ করার বদলে একবারে একটি মাত্র কাজে মনোনিবেশ করলে মনোযোগের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়।

কাজের মাঝখানে যে কোনও ধরনের ব্যাঘাত এড়িয়ে চলতে হবে। যেমন- কোনও জরুরি লেখা পড়ার বা অফিসের কাজ করার সময় কেউ কিছু জিজ্ঞেস করলে, তাকে কাজটি শেষ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করার অনুরোধ করা যেতে পারে।

একইভাবে একটি কাজ শেষ না হওয়া পর্যন্ত ফোনের কল না ধরে পরে ফোন করার অভ্যাস গড়ে তোলা উচিত।

পুরনো খবর:

মস্তিষ্ককে ক্লান্ত করে ‘মাল্টিটাস্কিং
স্মৃতিভ্রংশ থেকে মস্তিষ্ককে রক্ষা করার ৭টি সহজ অভ্যাস
স্মৃতিশক্তি ও মস্তিস্ক তীক্ষ্ণ রাখার উপায়