২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছ থেকে সন্ত্রাসী তৎপরতার সন্দেহে গ্রেপ্তার ৫

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজনরা ‘বড় ধরনের ক্ষতি' করার সুযোগ খুঁজছিল।

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছ থেকে সন্ত্রাসী তৎপরতার সন্দেহে গ্রেপ্তার ৫

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:17 PM

Updated : 27 Sep 2026, 10:17 PM

যুক্তরাজ্যে একটি মার্কিন বিমানঘাঁটির কাছ থেকে সন্ত্রাসী তৎপরতা চালানোর প্রস্তুতির সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্ফেরক আইনে অপরাধ সংঘটনের সন্দেহেও তাদেরকে রোববার আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে, তিনটি ভ্যান ওই সামরিক বিমান ঘাঁটির দিকে যাচ্ছে। এই বিমান ঘাঁটিটি আগে ইরানের ওপর হামলা চালানোর কাজে ব্যবহার হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজনরা ‘বড় ধরনের ক্ষতি' করার সুযোগ খুঁজছিল এবং তারা ব্রিটিশ ও মার্কিন কর্তৃপক্ষের তদন্তাধীনে ছিল।

তদন্তের দায়িত্বে থাকা ব্রিটিশ সন্ত্রাসবিরোধী গোয়েন্দারা জানিয়েছেন, রোববার ভোররাতে তিনটি সন্দেহজনক গাড়ি পশ্চিম ইংল্যান্ডের বিমান ঘাঁটি 'আরএএফ ফেয়ারফোর্ড'-এর দিকে যাচ্ছিল এবং এ বিষয়ে পুলিশ একটি ফোন কল পেয়েছিল।

সশস্ত্র পুলিশ কর্মকর্তারা পাঁচজনকে গ্রেপ্তার করে এবং পরে সন্ত্রাসী তৎপরতার প্রস্তুতির সন্দেহে তাদেরকে আটকে রাখে। পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস ঘটনাটি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সন্ত্রাস বিরোধী পুলিশের উর্ধ্বতন ন্যাশনাল কোর্ডিনেটর ভিকি ইভান্স এক বিবৃতিতে বলেন, "আমরা তদন্তের প্রাথমিক পর্যায়ে রয়েছি এবং পাঁচজন এখনও হেফাজতে রয়েছে। ঘটনার পরিস্থিতি বোঝার জন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।"

পুলিশ জানিয়েছে, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ভ্যানগুলো তদন্ত করার সময় ঘাঁটির চারপাশে ৪০০ মিটারের একটি নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছিল। কাছের একটি গ্রামের ৮৫টি বাড়ির স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং সশস্ত্র কর্মকর্তারা ঘটনাস্থলে টহল দিচ্ছিলেন।

যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত হানতে ফেয়ারফোর্ড ঘাঁটিতে অবস্থিত বোমারু বিমানগুলো ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুমোদন দিয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে যে, সেদিনের ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অবিরাম হালনাগাদ তথ্য জানানো হচ্ছিল।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নাম পুলিশ এবং সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানিয়ে এক্স -এ বলেছেন: “আমি জানি, র‍্যাফ ফেয়ারফোর্ডের কাছে আজকের এই ঘটনা স্থানীয় বাসিন্দা এবং দেশজুড়ে খবরাখবর রাখা অনেক মানুষের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় হবে।”

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন বোমারু বিমানগুলোকে ফেয়ারফোর্ড থেকে মার্কিন যুদ্ধবিমান উড্ডয়নের অনুমতি না দেওয়ার বিষয়ে সতর্ক করেছিল। এরপর যুক্তরাজ্য জুলাই মাসে বলেছিল, তাদের সশস্ত্র বাহিনী দেশকে যে কোনও আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে।

রোববারের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। তদন্ত সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, ঘটনার পেছনে ইরানের হাত থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার কোনও ধ্বংসাত্মক কাজ বা ইসলামপন্থিদের কোনও গোপন পরিকল্পনা ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।