২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় জরুরি প্রবেশাধিকার চায় ডব্লিউএইচও

গাজায় দীর্ঘ-মেয়াদে মানবিক সংকট দেখা দেওয়ার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

গাজায় জরুরি প্রবেশাধিকার চায় ডব্লিউএইচও

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 17 Oct 2023, 07:03 PM

Updated : 17 Oct 2023, 07:03 PM

গাজায় ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য জরুরি ভিত্তিতে প্রবেশাধিকার চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গাজায় দীর্ঘ-মেয়াদে মানবিক সংকট দেখা দেওয়ার সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি।

ডব্লিউএইচও’র পূর্ব ভূমধ্যসাগরীয় আঞ্চলিক কার্যালয়ের জরুরি সেবা পরিচালক রিচার্ড ব্রেনান বলেছেন, সংস্থাটি যত তাড়াতাড়ি সম্ভব গাজায় অবাধে প্রবেশের ব্যবস্থা করতে মঙ্গলবার সিদ্ধান্তগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে।

মিশরের সঙ্গেকার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমরা রাফাহর দক্ষিণে ত্রাণ নিয়ে গেছি। গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছি।” গাজায় জরুরি ত্রণ সরবরাহের জন্য রাফাহ ক্রসিং খুবই গুরুত্বপূর্ণ রুট।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। সেইসঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস যোদ্ধারা। এ সময় তারা বহু ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

হামাসের হামলায় নিহত হয় ১৪০০’র বেশি ইসরায়েলি। হামাসের হামলা শুরুর দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে টানা চলে আসছে হামলা। ইসরায়েলের বিমান হামলায় গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

ইসরায়েল হামাসকে নির্মূলে স্থল অভিযান চালানোর আগে দিয়ে গোটা গাজা অবরুদ্ধ করে রেখেছে। এতে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

ডব্লিউএইচও বলছে, গাজায় তিনদিনের জন্য পণ্য সরবরাহের প্রস্তুতি আছে। কিন্তু ত্রাণকর্মীরা তা সরবরাহ করতে পারছে না।

ব্রেনান বলেন, “ডব্লিউএইচও যে কোনও সংঘাতেই সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আবেদন অনবরতই জানিয়ে আসছে।”