২৩০ কোটি ডলারে ক্যাটারিং কোম্পানি কিনল উবার
২০০৭ সালে প্রতিষ্ঠিত ইজিক্যাটার গত ১২ মাসে বুকিং তৈরি করা থেকে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে জানিয়েছে উবার।
খাবার সরবরাহের বাইরে সেবার পরিধি আরও বাড়াতে ক্যাটারিং কোম্পানি ইজিক্যাটার কিনছে উবার। পুরো অর্থ নগদে পরিশোধের এই চুক্তির মূল্য ২৩০ কোটি ডলার।
ক্যাটারিং ও কর্মস্থলে খাবার সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ইজিক্যাটার। বিশাল সংখ্যক কর্মীর জন্য খাবারের প্রয়োজন হয় এমন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ক্যাটারিং কোম্পানিগুলোর যোগাযোগ করিয়ে দেয় তারা। অনেকটা ক্যাটারিং ব্যবসার জন্য এক্সপিডিয়ার মতো কাজ করে ইজিক্যাটার।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ প্রতিবেদনে লিখেছে, ২০০৭ সালে প্রতিষ্ঠিত ইজিক্যাটার গত ১২ মাসে বুকিং তৈরি করা থেকে দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে জানিয়েছে উবার।
প্রথম সাত বছর নিজেদের অর্থায়নেই চলেছে ইজিক্যাটার। এরপর ২০১৪ সালে কোম্পানিটি প্রথমবারের মতো চার মিলিয়ন ডলারের বিনিয়োগ সংগ্রহ করে। উবারের সঙ্গে এই চুক্তি তাই কোম্পানিটির জন্য বড় ধরনের ব্যবসায়িক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোসরোশাহি বলেছেন, এই অধিগ্রহণের মাধ্যমে রেস্তোরাঁগুলো আরও বড় পরিসরের নতুন গ্রাহক খুঁজে পাবে।
এক বিবৃতিতে তিনি বলেন, “ক্যাটারিং একটি বড় ব্যবসা এবং রেস্তোরাঁগুলোর জন্য এটি বড় আয়ের উৎস হতে পারে। উবারের বিস্তৃত পরিসরের মাধ্যমে আমরা এই অভিজ্ঞতা আরও লাখো গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারি এবং রেস্তোরাঁগুলোকে এসব মূল্যবান অর্ডারের আরও বেশি সুযোগ পেতে সহায়তা করতে পারি।”
খাবার সরবরাহের ব্যবসা আরও বড় করার লক্ষ্যে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নিয়েছে উবার। এর মধ্যে রয়েছে ১৫ বিলিয়ন ডলারে ডেলিভারি হিরো কেনার প্রক্রিয়া।
ড্রোনের মাধ্যমে খাবার ও পণ্য সরবরাহের প্রযুক্তি নিয়ে কাজ করা জিপলাইন ও ফ্লাইট্রেক্সের মতো কোম্পানিতেও বিনিয়োগ করছে উবার।
ইজিক্যাটার অধিগ্রহণের মাধ্যমে উবার ইটসের আওতায় খাবার সরবরাহের পাশাপাশি বড় পরিসরের ক্যাটারিং অর্ডারের বাজারেও নিজেদের উপস্থিতি বাড়ানোর সুযোগ তৈরি হলো।
