ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সতর্কতার মাত্রা বাড়িয়েছে জাপান।
পরমাণু দুর্ঘটনার ক্ষেত্রে সাত মাত্রার আন্তর্জাতিক সতর্কতা স্কেলে শুক্রবার চার থেকে বাড়িয়ে পাঁচ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে ফুকুশিমায়।
এর আগে কেন্দ্রটিতে চার মাত্রার সতর্কতা জারি করা হয়। তবে এখনো কেন্দ্রটি ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা থেকে দুই মাত্রা কম রয়েছে।
শুক্রবার জাপানের পরমাণু সংস্থার সতর্কতার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত ব্যাপক পরমাণু বিপর্যয়ের ইঙ্গিত দেয়।
সংস্থা জানায়, ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল দ্বীপে পরমাণু বিপর্যয়ের মতো পরিস্থিতি ফুকুশিমায় বিরাজ করছে।
সেনাবাহিনী শুক্রবারও দ্বিতীয় দিনের মতো পরমাণু কেন্দ্রটিতে পানি ছিটাচ্ছে। তবে ৩ নম্বর চুল্লির শীতলীকরণ প্রকোষ্ঠ বিপজ্জনকভাবে পানিশূন্য হয়ে পড়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
প্রকোষ্ঠটি পানিশূন্য হলে বাতাসে ব্যাপক মাত্রায় তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক ইউকিও আমানো বলেছেন, পরমাণু প্রকল্পটি নিয়ন্ত্রণে আনার কাজ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করা প্রয়োজন।
চার সদস্যের আন্তর্জাতিক পরমাণু বিশেষজ্ঞের একটি দল নিয়ে শুক্রবার তিনি টোকিও পৌঁছেছেন।
গত শুক্রবারের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের চারটি পরমাণু চুল্লিতে ইতোমধ্যেই বিস্ফোরণ ঘটেছে। কেন্দ্রটি থেকে স্বল্প মাত্রার তেজস্ক্রিয়া ছড়াচ্ছে। চূড়ান্ত পরমাণু বিপর্যয় রোধে পরমাণু কেন্দ্রটি নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮২৯ ঘ.
bdnews24