ক্যান্সার আক্রান্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনি হাসপাতালে
শ্বাসকষ্ট জনিত সমস্যার নিয়ে হাসপাতালে যাওয়া বেরলুসকোনিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
রক্তের ক্যান্সারে আক্রান্ত ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে মিলানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।
বিবিসি জানায়, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বেরলুসকোনিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দ্রুত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করান। তার ফুসফুসে সংক্রমণ সনাক্ত হয়েছে।
ইতালির চারবারের প্রধানমন্ত্রী এবং মিডিয়া মোঘল ৮৬ বছরের বেরলুসকোনি এখনো তার দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তিনি দেশটির একজন নির্বাচিত সেনেটর।
২০২০ সালে এই নেতা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে তিনি নানা ধরণের শারীরিক জটিলতায় ভুগছেন।
তার সহকর্মীরা আশা করছেন, বেরলুসকোনি এবারও সুস্থ হয়ে উঠবেন এবং পুনরায় ইতালির প্রথম সারির রাজনীতিক হিসেবে তার দল ‘ফরজা ইতালিয়া’র নেতৃত্ব দেবেন।
ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জোট সরকারের অংশ মধ্য-ডানপন্থি দল ফরজা ইতালিয়া।
ফরজা ইতালিয়ার অন্যতম জ্যেষ্ঠ সদস্য এবং ইতালির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি দলীয় প্রধানের সুস্থ হয়ে ওঠা প্রসঙ্গে বলেন, ‘‘আমরা আশাবাদী হতে চাই।”
