নির্বাচনী ষড়যন্ত্রের অভিযোগে আদালতে হাজির হচ্ছেন ট্রাম্প, নিরাপত্তা জোরদার
আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানো হবে।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে আদালতের শুনানিতে হাজির হতে চলেছেন। তার এই হাজিরাকে ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
কেন্দ্রীয় আদালত ভবনের বাইরে ধাতব বেষ্টনি দেওয়া হচ্ছে। আদালতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনুষ্ঠানিকভাবে পড়ে শোনানো হবে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন ঘিরেও বেষ্টনি দেওয়া হচ্ছে। এই ক্যাপিটলেই ২০২১ সালের জানুয়ারিতে ট্রাম্পের সমর্থকরা নির্বাচনী ফলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দাঙ্গা-হাঙ্গামা কলেছিল।
প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টদের সুরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে ওয়াশিংটনের কেন্দ্রস্থলে কিছুক্ষণের জন্য ট্রাফিক জ্যাম হওয়ার বিষয়ে লোকজনকে সতর্ক করেছে।
বুধবার ৯১১ এ তে ক্যাপিটলে গুলির ঘটনার একটি ভুয়া কলের কারণে পুলিশ জরুরি ব্যবস্থা নেয় এবং তিনটি সেনেট অফিস ভবনও লকডাউন করা হয়।
যে কোনও অপ্রীতিকর ঘটনার ব্যাপারে এবারে পুলিশ বাহিনী সতর্ক আছে। ভালভাবে প্রশিক্ষণ নিয়েছে এবং নিরাপত্তা রক্ষায় প্রস্তত আছে বলে জানিয়েছেন ক্যাপিটল পুলিশ প্রধান।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪ টায় আদালতে ম্যাজিস্ট্রেট বিচারকের সামনে হাজির হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এ মামলায় যে বিচারকরা রয়েছেন তাদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছেন ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকানও।
৭৭ বছর বয়সী ট্রাম্প আদালতের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করবেন বলে ধারণা করা হচ্ছে। আদালতে দূর থেকে ভিডিও’র মাধ্যমে হাজিরা দেওয়ার বিকল্প পথও তার আছে। তবে তিনি সশরীরেই আদালতে হাজির হবেন বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউজ ছাড়ার পর ট্রাম্প কেবল একবার ওয়াশিংটন ডিসি সফর করেছিলেন। তার আদালতে হাজিরাকে ঘিরে বুধবার সন্ধ্যা থেকেই ভবনের বাইরে মানুষের লাইন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন সেই নির্বাচনের পরাজিত প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিবিসি জানিয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্র, আলামত নষ্ট করা, একজন স্বাক্ষীর সঙ্গে কারসাজি ও জনগণের অধিকারের সঙ্গে প্রতারণা করার অভিযোগ।
এমন সময় ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হল, যখন তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন।
এর আগে আরো দুটি মামলায় অভিযুক্ত হয়েছেন ট্রাম্প। রাষ্ট্রের গোপন নথি নিজের কাছে রেখে দেওয়া এবং অর্থ দিয়ে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার মামলায় অভিযুক্ত করা হয়েছিল তাকে। এতে করে চার মাসের মধ্যে তিনটি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন তিনি।
