সুপার টুয়েসডে কী এবং কেন গুরুত্বপূর্ণ?
সুপার টুয়েসডেতে মনোনয়ন প্রত্যাশীদের শক্তিশালী দিক যেমন জানা যাবে তেমন সম্ভাব্য প্রার্থীদের দুর্বলতার বিষয়গুলোও প্রকাশ্যে চলে আসবে।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হতে চলেছেন সে বিষয়ে সম্ভাব্য দিকনির্দেশনা পেতে ৫ মার্চ মঙ্গলবারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলা হচ্ছে। যে কারণে দিনটির নাম দেওয়া হয়েছে ‘সুপার টুয়েসডে’।
কারণ এই দিন যুক্তরাষ্ট্রের ১৫টি রাজ্য এবং একটি অঞ্চলে প্রাইমারি ভোট অনুষ্ঠিত হবে এবং রাজ্যগুলো কাকে তাদের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চান তা জানা যাবে।
এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত যে কয়টি প্রাইমারি ও ককাস অনুষ্ঠিত হয়েছে তাতে জো বাইডেন-ডনাল্ড ট্রাম্প পুনরায় ভোটেরযুদ্ধে নামছেন বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
সুপার টুয়েসডেতে তাদের শক্তিশালী দিক যেমন জানা যাবে তেমন সম্ভাব্য এই দুই প্রার্থী দুর্বলতার বিষয়গুলোও প্রকাশ্যে চলে আসবে। বিবিসি এক প্রতিবেদনে সুপার টুয়েসডের গুরুত্ব তুলে ধরেছে।
সুপার টুয়েসডে কী এবং কোনো কোনো রাজ্যে ভোট হচ্ছে?
এদিন সবচেয়ে বেশি রাজ্যে প্রেসিডেন্টশিয়াল প্রাইমারি অনুষ্ঠিত হবে। যে রাজ্যগুলোতে ভোট হবে সেগুলো হলো: আলাবামা, আলাস্কা, আরকানস, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মাইন, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নর্থ ক্যারোলাইনা, ওকলাহোমা, টেনেসি, টেক্সাস, উটাহ, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ইউএস টেরিটোরি অব আমেরিকান সামোয়া।
এই সবগুলো রাজ্যতেই রিপাবলিকান প্রাইমারি অনুষ্ঠিত হবে। আর শুধু আলাস্কা বাদে বাকি সবগুলোতে হবে ডেমোক্র্যাটদের প্রাইমারি। আমেরিকান সামোয়াতে উভয় দলের ককাসও অনুষ্ঠিত হবে।
কতজন ডেলিগেট পাওয়া যাবে?
প্রতিটি রাজ্যে এই ভোটের মাধ্যমে শীর্ষ প্রার্থীরা কতজন করে দলীয় কর্মকর্তা (যাদের ডেলিগেট বলা হয়) পাবেন তা জানা যাবে। এই গ্রীষ্মে উভয় দলের সম্মেলন অনুষ্ঠিত হবে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে অভিষেকের জন্য নিজের ঘরে একটি নির্দিষ্ট সংখ্যায় ডেলিগেট থাকতেই হবে।
সুপার টুয়েসডেতে মোট ডেলিগেটের একতৃতীয়াংশ অর্থাৎ ৮৬৫ জন রিপাবলিকান এবং অন্তত ১,৪২০ জন ডেমোক্রেটিক ডেলিগেটের বিষয়ে ফয়সালা হবে।
ট্রাম্প শিবির দাবি করেছে, সুপার টুয়েসডেতে তারা অন্তত ৭৭৩ জন ডেলিগেট পাবে এবং মার্চের শেষেই ট্রাম্পের প্রার্থীতা নিশ্চিত হয়ে যাবে।
ট্রাম্পের কাছে বর্তমানে ২৪৪ জন ডেলিগেট রয়েছেন। যেখানে নিকি হ্যালির কাছে আছে মাত্র ৪৩ জন।
রিপাবলিকান প্রার্থী হতে হলে অন্তত ১,২১৫ জন ডেলিগেট প্রয়োজন। অন্যদিকে ১,৯৬৮ জন প্রয়োজন ডেমোক্রেটিক দলের প্রার্থীর।
ট্রাম্পের জন্য কী ঝুঁকি রয়েছে?
জনমত জরিপে দুই অঙ্কে এগিয়ে থাকা রিপাবলিকান দলের ফ্রন্ট-রানার ট্রাম্প ও তার শিবির আশা করছে সুপার টুয়েসডের ফলাফলের পরই তারা তাদের সর্বশেষ প্রতিদ্বন্দ্বীকে ছেঁটে ফেলতে পারবে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক দূত এখনও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত যতগুলো প্রাইমারি ও ককাস হয়েছে তার মাধ্যে মাত্র একটিতে তিনি ট্রাম্পকে হারাতে সক্ষম হয়েছেন। যা তার অর্থ দাতাদের হতাশ করেছে এবং তারা হাত তুলে নিচ্ছে।
সুপার টুয়েসডে তেও হ্যালির জয়ের স্পষ্ট আভাস মেলেনি। বরং জনমত জরিপে ট্রাম্পই আধিপত্য বিরাজ করেছেন। তারপরও ট্রাম্পকে ছাপিয়ে যাওয়ার জন্য সুপার টুয়েসডেই হ্যালির শেষ সুযোগ।
বাইডেনের সঙ্গে কী ঘটছে?
কংগ্রেসম্যান ডিন ফিলিপস এবং লেখক ম্যারিয়ান উইলিয়ামস এখনো প্রতিযোগিতা থেকে বেরিয়ে না গেলেও ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা বলতে গেলে নিশ্চিতই।
তবে বাইডেন শিবিরের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে মিশিগানের ভোট। গত ২৭ ফেব্রুয়ারি হওয়া ওই প্রাইমারিতে ১৩ শতাংশ ভোটার ‘আনকমিটেড’ ভোট দিয়েছেন। গাজার ফিলিস্তিনিদেরকে সমর্থন জানিয়ে এবং ইসরায়েলের প্রতি বাইডেনের অন্ধ সমর্থনের প্রতিবাদে ব্যালটে ‘আনকমিটেড’ জুড়ে দেওয়া হয়েছিল।
একই প্রতিবাদের অংশ হিসেবে সুপার টুয়েসডেতে শেষ মুহূর্তে কয়েকটি রাজ্যের প্রাইমারিতে ব্যালটে ‘আনকমিটেড’ জুড়ে দেওয়ার প্রস্তুতি চলছে।
আরও বিস্তৃতভাবে, সারা দেশ থেকে এক্সিট পোলে এমন তথ্য বেরিয়ে আসতে পারে যে, তরুণ ভোটার সহ ডেমোক্রেটিকদের মূল ভোট ব্লকগুলিতে আগ্রহে ভাটা পড়েছে। যা বাইডেনের পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হাওয়াকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
কবে আমরা ফলাফল জানতে পারব?
ছয়টি আলাদা টাইম জোনে ভোট হবে। তাই খুব শিগগির চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে না।
এদিনে আরো যেসব দিকে নজর রাখতে হবে
২০২০ সালে নির্বাচনের পর বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ তুলে কলোরাডো এবং মাইন রাজ্যে প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে ব্যালটে থাকছে ট্রাম্পের নাম।
