২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাম্বিয়ায় শিশু মৃত্যু: তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ বছর ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ২০টির বেশি শিশুর মৃত্যু হয়েছে।

গাম্বিয়ায় শিশু মৃত্যু: তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়া

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 15 Oct 2022, 08:38 PM

Updated : 15 Oct 2022, 09:49 PM

গাম্বিয়ায় ৭০ শিশুর মৃত্যুর পেছনে যে চারটি কফ সিরাপকে দায়ী করা হচ্ছে সেগুলো যে উপাদান দিয়ে তৈরি সেই ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসলের ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এ বছর ভয়াবহ কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে ২০টির বেশি শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুদের মৃত্যুর পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে বলেও জানায় রয়টার্স।

গাম্বিয়ায় যে চারটি কফ সিরাপকে শিশু মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষায় সেগুলোতে অনুনমোদিত মাত্রায় ডাইইথিলিন গ্লাইসল এবং ইথিলিন গ্লাইসল পাওয়া গেছে। চারটি কফ সিরাপই ভারতে তৈরি।

ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রক সংস্থা বিপিওএম থেকে বলা হয়, আর কোনো দ্রাবক তৈরিতে ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল ব্যবহার করা হয়েছে কিনা তারা তা তদন্ত করে দেখছে।

বিপিওএম-র পক্ষ থেকে শনিবার দেয়া বিবৃতিতে আরো বলা হয়, ‘‘জনসাধারণকে সুরক্ষা প্রদানের জন্য বিপিওএম নিবন্ধনের সময় একটি প্রয়োজনীয়তা নির্ধারণ করেছে। যেখানে বলা হয়েছে, শিশু এবং প্রাপ্তবয়স্ক সবার জন্য ওষুধ হিসেবে ব্যবহার হয় এমন সব ধরনের সিরাপে দ্রাবক হিসেবে ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল ব্যবহারের অনুমতি আর দেয়া হবে না।

অতিরিক্ত মাত্রার ডাইইথিলিন গ্লাইসল ও ইথিলিন গ্লাইসল মানুষের জন্য ক্ষতিকারক এবং শরীরে নেওয়ার পর তা মৃত্যু ডেকে আনতে পারে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের মেইডেন ফার্মাসিউটিকেলের তৈরি চারটি কফ সিরাপ নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি করে বলেছে, সেগুলোর সঙ্গে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্পর্ক থাকতে পারে।

গাম্বিয়ায় হঠাৎ করেই শিশুদের মধ্যে মারাত্মক কিডনি জটিলতা সংক্রান্ত ‍অসুস্থতা দেখা দেয়ায় এবং অনেক শিশু মারা যাওয়ার খবর প্রকাশের পাওয়ার পর ডব্লিউএইচও ওই সতর্কতা জারি করে।

মেইডেন ফার্মাসিউটিকেলের ওই চারটি কফ সিরাপ বা কোম্পানিটির তৈরি কোনো ওষুধ ইন্দোনেশিয়া নিবন্ধিত নয় বলে জানায় বিপিওএম।