ভারতের মেয়েদের জন্য ধর্ষণের শিকার নির্ভয়ার মায়ের লড়াই
১০ বছর আগের এই দিনে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া নির্ভয়ার মা প্রথমে লড়েছিলেন নিজের মেয়ের ন্যায়বিচারের জন্য। আর এখন লড়ছেন ভারতের সব মেয়ের জন্য।
আজ থেকে ১০ বছর আগের এই দিনে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের যে তরুণী ধর্ষণের শিকার হয়ে কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গিয়েছিল, সেই নির্ভয়ার মা আশা দেবী একজন সাধারণ গৃহবধু থেকে হয়ে উঠেছেন নারী সুরক্ষার জন্য প্রচার চালানো এক সক্রিয় কর্মী।
প্রথমে তিনি লড়েছিলেন নিজের মেয়ের ন্যায়বিচারের জন্য। আর এখন তিনি লড়ছেন ভারতের সব মেয়ের জন্য। দু’বছর আগে মেয়ে নির্ভয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী এবং ধর্ষকদের ফাঁসির কয়েকমাস পর আশা দেবী ধর্ষণের শিকার সবার ন্যায়বিচারের জন্যই লড়াই করার অঙ্গীকার করেছিলেন।
সে সময় তিনি বলেছিলেন, “এ পথেই আমি আমার মেয়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারব।” সে কাজটিই তিনি এখন আপ্রাণ করে চলেছেন।
বিবিসি জানায়, পায়ে প্রচণ্ড ব্যথা নিয়েও ৫৬ বছর বয়সী আশা দেবী গত পাঁচ সপ্তাহ ধরে দিল্লির দ্বরাকা জেলায় কিছু মানুষের একটি ছোট দল নিয়ে মোমবাতি মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। দ্বারকার চাওলা এলাকায় ধর্ষণের শিকার ১৯ বছরের এক নারীর ন্যায়বিচার দাবি করছেন তারা।
১০ বছর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে দ্বারকার চাওলায় ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডে বিচারিক আদালত তিন অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে, যা হাইকোর্টেও বহাল ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট গত ৭ নভেম্বর দেওয়া রায়ে তিন অভিযুক্তকেই খালাস করে দেয়।
সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পর অনেক দিক থেকেই তা পুনর্বিবেচনার দাবি উঠেছে। চাওলা গণধর্ষণ ও হত্যা মামলায় একটি রিভিউ পিটিশনও দাখিল হয়েছে। তবে মামলাটি যাতে বিস্মৃতির অতলে হারিয়ে না যায় সেটি নিশ্চিত করতেই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আশা দেবী ও অন্যান্যরা।
সম্প্রতি আশা দেবীর বাড়িতে যাওয়া বিবিসি’র এক সাংবাদিককে তিনি বলেছেন, “বিক্ষোভে কোনোদিন ১০ জন মানুষ হয়, কোনোদিন ১৫ জন হয়। কিন্তু আমরা প্রতিটি দিনই পদযাত্রা করি।”
“আমরা চাই আদালত আদেশ পাল্টে দিক। তাদেরকে (ধর্ষক) আবার জেলে ফিরতে হবে।“ সুপ্রিম কোর্টের আদেশের পর আশা দেবী ধর্ষণের শিকার নারীর বাবা-মায়ের সঙ্গে দেখা করে তাদের সমব্যাথী হয়েছেন বলেও জানিয়েছেন।
তাছাড়া, সম্প্রতি তিনি বিলকিস বানুর ১১ ধর্ষকের মুক্তির পর এ পদক্ষেপের বিরুদ্ধে অনলাইন পিটিশনে সমর্থন দিয়েছেন। ভারতের গুজরাট রাজ্য সরকার বিলকিস বানুর ধর্ষকদের সাজার মেয়াদ পূরণ হওয়ার আগেই তাদেরকে মুক্তি দেয়।
এর বিরুদ্ধেই সরব হয়েছেন আশা দেবী। পাশাপাশি ধর্ষণের শিকার হয়ে বেঁচে যাওয়াদের সাহায্য করা এবং পারিবারিক সহিংসতার শিকার হওয়াদের পরামর্শ দেওয়ার জন্য নিজের মেয়ের নামে একটি ট্রাস্টও স্থাপন করেছেন তিনি।
এই ট্রাস্টে আছেন অবসরপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে আইনজীবী, পুলিশ কর্মকর্তা, মানবাধিকার কর্মী এবং স্বেচ্ছাসেবকরাও। গত কয়েকবছর ধরে তারা কয়েক ডজন পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। আশা দেবীর উপস্থিতিতে পুলিশ এবং কর্তৃপক্ষ বিভিন্ন ব্যবস্থাও নিচ্ছে।
কিন্তু মেয়ে নির্ভয়ার মৃত্যুর ১০ বছর পর আজও মাঠ পর্যায়ে পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি বলেই জানিয়েছেন আশা দেবী।
২০১২ সালে নির্ভয়া গণধর্ষণের শিকার হওয়ার সময় ভারতে ২৪,৯২৩ টি ধর্ষণের ঘটনার রেকর্ড হত। আর ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১, ৬৭৭ জনে। আশা বলেন, “আইন তৈরি হয়েছে, প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে অনেক, কিন্তু সেগুলোর বাস্তবায়ন তেমনভাবে হয়নি। এরকম চলতে থাকলে ন্যায়বিচারে আমাদের আর বিশ্বাস থাকবে না।”
মেয়ের নির্মমতার শিকার হয়ে মারা যাওয়ার বেদনা বুকে নিয়েই আজ সরব হয়েছেন আশা দেবী। নেমেছেন ন্যায়বিচারের জন্য দীর্ঘ লড়াইয়ে। মেয়ের মৃত্যু ১০ বছর পেরিয়ে গেছে। কিন্তু আজও সেই দিনের স্মৃতি আশার চোখে আনে জল। তার কথায়, “কারোই ১৬ ডিসেম্বরের মতো সেই দিন দেখা উচিত না।”
২০১২ সালের এই ১৬ই ডিসেম্বর রাতেই দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী নির্ভয়া চার জনের ধর্ষণের শিকার হয়েছিলেন। তাকে চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল রাস্তায়।
এরপর তেরো দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর মারা যায় প্যারামেডিকেলের ওই তরুণী। এ ঘটনা ভারতসহ ভারতের বাইরেও ব্যাপক সাড়া জাগায়। গণমাধ্যমে তার নাম দেওয়া হয় নির্ভয়া। ভারতজুড়ে পরিচিতি পায় নির্ভয়া নামটি।
ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের শাস্তি দাবি করে প্রচুর সভা সমাবেশ, প্রতিবাদও হতে দেখা যায়। কয়েকসপ্তাহের প্রতিবাদ-বিক্ষোভের পর ভারত নারীর বিরুদ্ধে সহিংসতার নতুন আইন চালু করে।
২০১৩ সালের সেপ্টেম্বরে ২৩ বছর বয়সী নির্ভয়া ধর্ষণ ও হত্যার অভিযোগে ছয় আসামির মধ্যে চারজনের ফাঁসির আদেশ দেয় দিল্লির ফাস্ট ট্র্যাক কোর্ট। ২০১৪ সালে দিল্লি হাইকোর্ট চারজনের ফাঁসির আদেশ বহাল রাখে। পরে ২০২০ সালের ২২ জানুয়ারিতে চার ধর্ষকের ফাঁসি হয়।
