৪০০ শিকার ধরে ভারতের প্রথম চেহেল
স্বীকৃত টি-টোয়েন্টিতে উইকেট শিকারে এই লেগ স্পিনারের ধারেকাছে নেই ভারতের কেউ।
স্বীকৃত টি-টোয়েন্টিতে আগে থেকেই ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ইউজবেন্দ্র চেহেল এবার গড়লেন আরেকটি কীর্তি। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
চলমান সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিল নাড়ুর বিপক্ষে হারিয়ানার হয়ে খেলতে নেমে ক্যারিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি উইকেট নেন চেহেল। ম্যাচটিতে ১৬ রান দিয়ে তিন শিকার ধরেন এই লেগ স্পিনার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন চেহেলের উইকেটসংখ্যা ৪০২টি। তার চেয়ে অনেকটা পিছিয়ে দুই নম্বরে ভুবনেশ্বর কুমারের উইকেট ৩৬৬টি। ২০ ওভারের ক্রিকেটে সাড়ে তিনশ উইকেট নিতে পেরেছেন ভারতের আর কেবল জাসপ্রিত বুমরাহ, ৩৫৪টি।
চারশ উইকেটের ক্লাবে নাম লেখাতে তামিল নাড়ুর বিপক্ষে একটি উইকেট দরকার ছিল চেহেলের। ম্যাচের ষষ্ঠ ওভারে প্রতিপক্ষের ওপেনার আমিত সাথভিককে বোল্ড করে সেই ঠিকানায় পৌঁছে যান তিনি। এরপর ১৭তম ওভারে সাই কিশোর ও মানিমারান সিদ্ধার্থকে বিদায় করেন এই স্পিনার।
তামিল নাড়ুকে ১২৪ রানে গুটিয়ে দেয় হারিয়ানা। পরে রান তাড়ায় ২৩ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা।
হারিয়ানার হয়ে ৭১ টি-টোয়েন্টিতে ৬৮ উইকেট নিয়েছেন চেহেল। আর ভারতের জার্সিতে ৮১ ম্যাচে তার শিকার ৯৮টি। আইপিএলে চার দলের হয়ে চেহেলের প্রাপ্তি ২৩৩ উইকেট। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনটি উইকেটও আছে তার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটি আফগানিস্তানের রাশিদ খানের। ৫৪৮ ইনিংসে হাত ঘুরিয়ে ৭৪৩ শিকার ধরেছেন এই লেগ স্পিনার। ৭০০ উইকেট নেই আর কোনো বোলারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ উইকেট নেওয়া একমাত্র বোলার রাশিদ।
