২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ মৃত্যু, ২০ নিখোঁজ

কর্তৃপক্ষ দুই দিনে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে উদ্ধার করেছে বলে জানিয়েছেন রিও গ্রানদে দো সুলের গভর্নর।

ব্রাজিলে ঘূর্ণিঝড়ে ১১ মৃত্যু, ২০ নিখোঁজ

ঝড়ের কারণে রিও গ্রানদে দো সুল রাজ্যের সাও লিওপোল্ডো শহরে ক্ষয়ক্ষতি ও বন্যার দৃশ্য। ছবি রয়টার্স থেকে নেওয়া

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 11:49 AM

Updated : 18 Jun 2023, 12:21 PM

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্রানদে দো সুলেতে ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

শুক্রবার রাজ্যটিতে এই শক্তিশালী ঝড় আঘাত হানে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়।

ঝড়ের কারণে সেখানে মুষলধারে বৃষ্টিও হয়েছে, নিখোঁজ ২০ জনের সন্ধানে জলাবদ্ধ এলাকাগুলোতে হেলিকপ্টারযোগে অনুসন্ধানও অব্যাহত আছে বলে রিও গ্রানদে দো সুলের সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে ৮ হাজার বাসিন্দার কারা শহরও আছে।

“কারার পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সেখানকার কোন কোন এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মানচিত্র নিয়ে সংগঠিত উপায়ে যাদের সহায়তা দরকার তাদেরকে দ্রুত শনাক্ত করা প্রয়োজন,” এলাকাটির ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে বলেছেন রিও গ্রানদে দো সুলের গভর্নর এদুয়ার্দো লেইতি।

শুক্রবার রাত পর্যন্ত পূর্ব উপকূলের পৌরসভা মাকুইনে ৩০ সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক এলাকায় ভূমিধসের ঝুঁকি আছে বলে সতর্কও করেছে তারা।

লেইতি বলেছেন, কর্তৃপক্ষ দুই দিনে প্রায় ২ হাজার ৪০০ মানুষকে উদ্ধার করেছে।

“প্রাথমিকভাবে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন বাঁচানো ও তাদের সুরক্ষা নিশ্চিত করা। জলাবদ্ধ এলাকার লোকজনকে উদ্ধার করছি আমরা, নিখোঁজদের সন্ধান চালাচ্ছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতা দিচ্ছি,” বলেছেন তিনি।

ব্রাজিলে নিয়মিতই প্রাণঘাতী বন্যা ও তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা যায়।