২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৩

প্রশান্ত মহাসাগর সীমান্তে কলম্বিয়ার ঘন জঙ্গলে ঢাকা চোকো প্রদেশে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভারি বৃষ্টি হচ্ছে।

কলম্বিয়ায় ভূমিধসে নিহত ২৩

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2024, 11:47 PM

Updated : 14 Jan 2024, 12:31 AM

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টি থেকে সৃষ্ট ভূমিধসে অন্তত ২৩ জন নিহত ও ৩৫ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ধসে পড়া কাদামাটির নিচে আরও কয়েকজন আটকে আছে বলেও আশঙ্কা তাদের।

তারা বলেন, শুক্রবার থেকে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ভারি বৃষ্টিপাতে মেদেলিন ও কিউবিদো শহরকে সংযুক্তকারী মহাসড়কের কয়েক জায়গায় ভূমিধস হয় এবং বহু মানুষ আটকে পড়ে। মহাসড়কে আটকে পড়া লোকজন গাড়ি ছেড়ে কাছের একটি কমিউনিটি হাউজে আশ্রয় নেয়।

কিন্তু হঠাৎ করেই ব্যস্ত ওই মহাসড়কের ওই অংশেও শনিবার ভূমিধস হয় এবং ওই কমিউনিটি হাউজসহ কাছে থাকা কয়েকটি গাড়ি চাপা পড়ে।

প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী কলম্বিয়ার চোকো প্রদেশ ঘন জঙ্গলে ঢাকা এবং ২৪ ঘণ্টার বেশি সময় ধরে সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং টেলিভিশন চ্যানেলে দেখানো ভিডিও ফুটেজে দেখা যায়, ধসে পড়া কাদামাটি ও পাথরের স্তুপের নিচে বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে আছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো প্রেতো চোকো অঞ্চলের জন্য ‘সম্ভাব্য সব ধরণের সহযোগিতার’ আবেদন জানিয়েছেন।

সম্প্রতি কলম্বিয়া জুড়ে ব্যাপক খরা চলছিল। দেশটির আবহাওয়া অধিদপ্তর আগে থেকেই প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চল এবং আমাজন রেইনফরেস্টে ভারীর বৃষ্টির পূর্বাভাস দিয়ে সবাইকে সতর্ক করেছিল বলে জানায় বিবিসি।