ওয়ানডে সিরিজের আগে ভারত অধিনায়কের চোট শঙ্কা
নেটে ব্যাটিংয়ের সময় মোহাম্মেদ সিরাজের বলে কনুইয়ে আঘাত পেয়ে ব্যথায় কাতরাতে থাকেন শুবমান গিল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের শঙ্কায় শুবমান গিল। নেটে ব্যাটিংয়ের সময় কনুইয়ে আঘাত পেয়েছেন ভারত অধিনায়ক।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর খবর, শুক্রবার সতীর্থ পেসার মোহাম্মেদ সিরাজের লাফিয়ে ওঠা একটি ডেলিভারি আঘাত করে গিলের ডান কনুইয়ে। ব্যথায় কাতরাতে কাতরাতে তিনি তাৎক্ষণিকভাবে সরে যান এবং ফিজিও তার শুশ্রূষা শুরু করেন। সিরাজ তার খোঁজখবর নেন, তখন পাশের নেটে ব্যাটিং করা ভিরাট কোহলিও ছুটে আসেন।
ক্রিকইনফো লিখেছে, নেটের অন্য প্রান্তে গিয়ে কনুই চেপে ধরে বসে পড়ার সময় গিলকে আরও বেশি যন্ত্রণাকাতর মনে হচ্ছিল। ভারতের সাপোর্ট স্টাফরা তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেন এবং তিনি আর ব্যাটিং করতে নামেননি। তবে গুরনুর ব্রারের সঙ্গে তাকে হাসি-ঠাট্টা করতে দেখা যায় এবং মাঠ ছাড়ার সময় তাকে খুব একটা যন্ত্রণাকাতর মনে হয়নি।
ঘরের মাঠে আগামী রোববার হতে যাওয়া প্রথম ওয়ানডের জন্য প্রস্তুত হতে গিলের হাতে ২৪ ঘণ্টার কিছু বেশি সময় আছে। ভারতের হয়ে তার আগের সিরিজটিও শুরু হয়েছিল চোটের শঙ্কা নিয়ে। গত মাসে শ্রীলঙ্কায় নেটে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পেয়ে গিলকে কিছু সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয়, তবে তিনি সময়মতো সুস্থ হয়ে ওঠেন এবং দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরোপুরি অংশ নেন।
এবার তার কনুইয়ে আঘাত পাওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। শনিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। যদি দুর্ভাগ্যবশত গিল ম্যাচ থেকে ছিটকে পড়েন, তাহলে একাদশে দেখা যেতে পারে ইয়াশাসভি জয়সওয়ালকে।
