২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে হামাস

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে, তারা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বাকি জিম্মিদের মৃতদেহগুলো খুঁজে পাওয়ার পর সেগুলো ফেরত দেবে।

আরও দুই জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে হামাস
রেডক্রসের মাধ্যমে জিম্মিদের মৃতদেহ ভরা কফিন পাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 10:12 AM

Updated : 26 Aug 2026, 02:29 PM

হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্তানুযায়ী আরও দুই মৃত ইসরায়েলি জিম্মির দেহাবশেষ ফেরত দিয়েছে। তবে বাকি জিম্মিদের মৃতদেহ ফেরত দিতে সময় লাগবে আর গাজার ধ্বংসাবশেষ থেকে তাদের দেহাবশেষ বের করে আনতে বিশেষায়িত উপকরণের প্রয়োজন হবে। 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে, তারা চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু বাকি জিম্মিদের মৃতদেহগুলো খুঁজে পাওয়ার পর সেগুলো ফেরত দেবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যদি চুক্তি মেনে না চলে তাহলে ইসরায়েলি বাহিনী গাজায় ফের লড়াই শুরু করতে পারে।  

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ইসরায়েল রেডক্রসের মাধ্যমে জিম্মিদের মৃতদেহ ভরা কফিন পেয়েছে, এখন সেগুলো আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। 

ওই বিবৃতিতে তারা বলেছে, “আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) জনগণকে সংবেদনশীলতার সঙ্গে আচরণের এবং আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য অপেক্ষা করার জানিয়েছে। আইডিএফ প্রথমে মৃত জিম্মিদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করবে।” 

রেডক্রসের গাড়িতে করে হামাসের ফেরত দেওয়া জিম্মিদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: রয়টার্স

রেডক্রসের গাড়িতে করে হামাসের ফেরত দেওয়া জিম্মিদের মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে

ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার হামাস যে চারটি মৃতদেহ ফেরত দিয়েছে সেগুলোর মধ্যে একটি নিখোঁজ জিম্মিদের কারও নয়। অপর তিনটি মৃতদেহ জিম্মি তামির নিমরোদি (২০), ইতান লেভি (৫৩) এবং উরিয়েল বারুচের বলে শনাক্ত করেছে জিম্মিদের পরিবারগুলোর ফোরাম।  

এতে হামাসের ফেরত দেওয়া মৃত জিম্মিদের মোট সংখ্যা ৯ জনে দাঁড়াল। 

যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক উপদেষ্টা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২০ ধারার শান্তি পরিকল্পনা বাস্তবায়নের সর্বশেষ তথ্য তুলে ধরে বলেছেন, মৃত বাকি জিম্মিদের দেহাবশেষ উদ্ধার করতে না পেরে হামাস চুক্তি ভেঙেছে মার্কিন সরকার এখনো পর্যন্ত এমনটি মনে করে না।  

তিনি বলেন, জীবিত জিম্মিদের ফেরত দেওয়ার মাধ্যমে হামাস সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছে আর মৃত বাকি জিম্মিদের দেহাবশেষ খুঁজে পেয়ে ফেরত দেওয়ার জন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে। 

গাজা সিটিতে জিম্মিদের মৃতদেহ রেডক্রসের কাছে হস্তান্তরের সময় সেখানে পাহারা দিচ্ছেন হামাসের যোদ্ধারা। ছবি: রয়টার্স

গাজা সিটিতে জিম্মিদের মৃতদেহ রেডক্রসের কাছে হস্তান্তরের সময় সেখানে পাহারা দিচ্ছেন হামাসের যোদ্ধারা

বিবিসি লিখেছে, বুধবার রাতে ফেরত দেওয়া দুই মৃতদেহ যদি জিম্মিদের বলে নিশ্চিত হয় তাহলে এর অর্থ হবে আরও ১৯ জন এখনো গাজায় নিখোঁজ আছেন। 

গাজা শান্তি পরিকল্পনার প্রথম পর্বের অংশ হিসেবে হামাসের ২৮ মৃত জিম্মির সবার মৃতদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। 

কিন্তু হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে বলেছে, “অবশিষ্ট মৃতদেহগুলো খুঁজে পাওয়ার জন্য তল্লাশি চালাতে ও সেগুলো উদ্ধার করতে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাতে হবে ও বিশেষায়িত সরঞ্জামের প্রয়োজন হবে। এই কাজটি শেষ করতে আমরা ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি।” 

এর আগে ইসরায়েল বলেছে, তারা জিম্মিদের ফেরত দেওয়া নিয়ে ‘আপস করবে না’। তারা বলেছে, “মিশন এখনও সম্পূর্ণ হয়নি।”

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ যদি আবার নতুন করে শুরু হয় তাহলে গাজায় হামাসকে পরাজিত করার জন্য আইডিএফকে ‘ব্যাপক পরিকল্পনা’ প্রস্তুত করার নির্দেশনা দিয়েছেন তিনি।  

বুধবার আইডিএফের জ্যেষ্ঠ জেনারেলদের সঙ্গে বৈঠক করার পর মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, হামাস যদি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে অস্বীকৃতি জানায় তাহলে পদক্ষেপ নেওয়ার জন্য সামরিক বাহিনীকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।