মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ৩০০০ ছাড়াল, যুদ্ধবিরতি ঘোষণা করল জান্তাও
ভূমিকম্পে বিধ্বস্ত অনেক এলাকায় আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
মিয়ানমারে এক শতকের মধ্যে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন।
শুক্রবার মান্দালয়ের কাছে আঘাত হানা ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির অসংখ্য ভবন ধসে পড়েছে, লাখ লাখ মানুষকে উদ্বাস্তু বানিয়েছে। ভূমিকম্পবিধ্বস্ত অনেক এলাকায় আশ্রয়, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতিও দেখা দিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো।
তারা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সরকারি সহযোগিতা চাওয়ার পর বুধবার মিয়ানমারের জান্তা ২০ দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যম এমআরটিভি।
ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহায়তা করতে এ যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে জানিয়ে বিদ্রোহীরা হামলা চালালে পাল্টা ‘যথোপযুক্ত ব্যবস্থা’ নেওয়ারও হুমকি দিয়েছে জান্তা, এমআরটিভির বরাত দিয়ে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের পর দেশটিতে যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপ ছিল। মঙ্গলবার বিদ্রোহীদের বড় একটি জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সও এক মাসের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিল।
এদিকে দেশকে ভূমিকম্পবিধ্বস্ত অবস্থায় রেখে জান্তাপ্রধান মিন অং হ্লাইং বিমসটেক সম্মেলনে সশরীরে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে যাচ্ছেন বলে জানিয়েছে এমআরটিভি।
সম্মেলনে উপস্থিতি আন্তর্জাতিক মহলে তার অবস্থান কিছুটা হলেও শক্তিশালী করবে বলে অনুমান অনেক বিশ্লেষকের।
