ইউরোপে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি রাশিয়ার
রাশিয়ার দূর প্রাচ্যে এক অর্থনৈতিক সম্মেলনে যুদ্ধংদেহী এক ভাষণে পুতিন আরও বলেছেন, ইউক্রেইন যুদ্ধে রাশিয়া হারবে না।
ইউরোপীয় ইউনিয়ন যদি রাশিয়ার গ্যাসের মূল্যসীমা নির্ধারণের প্রস্তাব নিয়ে অগ্রসর হয়, তাহলে মস্কো ইউরোপে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
যুদ্ধংদেহী এক ভাষণে তিনি আরও বলেছেন, ইউক্রেইন যুদ্ধে রাশিয়া হারবে না।
এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি পূর্বাঞ্চলীয় খারকিভের কাছে যুদ্ধক্ষেত্র থেকে ‘সুসংবাদ’ পাওয়ার কথা জানিয়ে বলেছেন, ইউক্রেইনীয় বাহিনী কিছু কিছু এলাকা পুনর্দখল করতে পেরেছে, তবে সেখানে দুই পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলছে।
খারকিভের ৬০ কিলোমিটার দক্ষিণপূর্বের শহর বালাকলিয়ার আশপাশে যুদ্ধ চলছে বলে ইউক্রেইন ও রুশপন্থি ইউক্রেইনীয় কর্মকর্তারা নিশ্চিত করেছেন; অসমর্থিত সূত্রে সেখানে রুশ বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণে ওদেসার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণের পর সেখানকার তিন লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন বলে আঞ্চলিক প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন।
রাশিয়ার দূর প্রাচ্যে এক অর্থনৈতিক সম্মেলনে বুধবার দেওয়া ভাষণে পুতিন বলেছেন, ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযানে’ রাশিয়া হারবে না।
রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব নিয়ে ব্রাসেলস যদি অগ্রসর হয়, তাহলে ইউরোপে সব ধরনের জ্বালানি সরবরাহ বন্ধ করারও হুমকি দেন তিনি।
“তেমনটা হলে আমরা গ্যাস, তেল, কয়লা, রান্নার তেল কিছুই সরবরাহ করবো না,” বলেছেন তিনি।
ইউরোপ সাধারণত তার গ্যাসের ৪০ শতাংশ আর জ্বালানি তেলের ৩০ শতাংশ রাশিয়া থেকে আমদানি করে।
ইউক্রেইনে রাশিয়ার অভিযানের বিরোধিতা করা ইউরোপকে দুর্বল করতে মস্কো জ্বালানিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স অভিযোগ করেছে। রাশিয়া এখন ইউরোপে তাদের গ্যাস সরবরাহের প্রধান লাইন নর্ড স্ট্রিম ১ রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ রেখেছে।
পূর্বাঞ্চলে ‘পাল্টা-আক্রমণের’ বিষয়ে কিইভ এখনও তেমন কিছু না বললেও প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, ইউক্রেইনীয় বাহিনী বালাকলিয়া রক্ষার দায়িত্বে থাকা রুশদের চমকে দিয়েছে।
“রাশিয়া বলছে বালাকলিয়া কার্যত ঘেরাও হয়েছে, আসল সত্যটা হচ্ছে, আমাদের বাহিনী অনেকদূর অগ্রসর হয়েছে, তারা কুপিয়ানস্কে যাওয়ার রাস্তার যোগাযোগ বন্ধ করে দিয়েছে,” পূর্বাঞ্চলে ইজিয়ুমে রুশ বাহিনীর কাছে রসদ পাঠানোর গুরুত্বপূর্ণ কেন্দ্রের দিকে ইঙ্গিত করে বলেছেন আরেস্তোভিচ।
ওই অঞ্চলের রুশপন্থি এক ইউক্রেইনীয় কর্মকর্তা রদোলিন মিরোশনিক টেলিগ্রামে বলেছেন, বালাকলিয়া এখনও রুশ বাহিনীর হাতেই আছে, তেব শহরটির উত্তরে তুমুল লড়াই চলছে।
রুশপন্থি ইউক্রেইনীয় কর্মকর্তারা প্রায়ই যুদ্ধের খবর বিষয়ে যার উদ্ধৃতি দেয়, সেই ইউক্রেইনীয় বিশ্লেষক ইউরি পোদোলিয়াক বলেছেন, ইউক্রেইনীয় বাহিনীর অগ্রগতি দেখে রুশরা চমকে গেছে।
“শত্রুরা তুলনামূলক ছোট বাহিনী নিয়ে বালাকলিয়ার কাছে উল্লেখ করার মতো সফলতা পেয়েছে; মনে হচ্ছে, রুশ বাহিনী তাদের অগ্রগতির পুরোটা সময় ঘুমিয়ে ছিল এবং তারা অন্য কোথাও ইউক্রেইনীয় বাহিনী অগ্রসর হবে বলে প্রত্যাশা করেছিল।
“কোন ধরনের রিজার্ভকে যুদ্ধে পাঠানো হয়, তাদের গতি কেমন হয়, তার ওপরই এখন অনেককিছু নির্ভর করছে, এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে,” বলেছেন ইউরি।
রুশ বাহিনীর এই পিছু হটা নিয়ে পুতিনকে অবশ্য বিন্দুমাত্রও দুশ্চিন্তাগ্রস্ত মনে হয়নি।
যুদ্ধের অগ্রগতি নিয়ে ভ্লাদিওভস্তকের সম্মেলনে পুতিনকে জিজ্ঞেস করা হলে রুশ প্রেসিডেন্ট বলেন, “আমরা এখনও কিছুই হারাইনি, কিছু হারাবোও না।”
বুধবার রাতভর রুশ বাহিনী ইউক্রেইনের বিভিন্ন এলাকায় রকেট ও কামানের গোলা ছুড়েছে; এতে ৭ বেসামরিক নিহত, বেশ কয়েকজন আহত ও ডজনের ওপর বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার স্থানীয় একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
“রাতভর সতর্ক সংকেত ও গোলাবর্ষণ ছিল,” টেলিগ্রামে লিখেছেন জারোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর ভ্যালেন্তিন রেজনিশেঙ্কো।
তিনি অন্তত ১১টি বাড়ি ও অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানালেও হতাহতের কোনো খবর দেননি।
রাশিয়ার হামলায় খারকভে ৫ জন হাসপাতালে ভর্তি এবং দোনেৎস্কে ৭ জন নিহত হয়েছে বলে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।
যুদ্ধক্ষেত্রের এসব সংবাদ তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখতে পারেনি রয়টার্স।
আরও পড়ুন:
