২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে ইউরোপের জনজীবন ধ্বংস: পুতিন

রাশিয়া পাশ্চিমা অর্থনৈতিক ‘আগ্রাসনের’ সঙ্গে মানিয়ে নিচ্ছে। কিন্তু ইউরোপীয়দের জীবনযাত্রা মান নিষেধাজ্ঞার বলি হচ্ছে- বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে ইউরোপের জনজীবন ধ্বংস: পুতিন

ছবি; রয়টার্স

নিউজ ডেস্ক

Published : 07 Sep 2022, 11:33 PM

Updated : 07 Sep 2022, 11:32 PM

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়ার উপর পশ্চিমা বিশ্ব যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটিকে জ্বরের সঙ্গে তুলনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই জ্বর গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

রাশিয়ার ভ্লাদিভোস্তক এ ইস্টার্ন ইকোনোমিক ফোরামের (ইইএফ) সম্মেলনে দেওয়া এক বক্তৃতায় পুতিন একথা বলেন বলে জানায় বিবিসি।

পুতিন বলেন, রাশিয়া পাশ্চিমা অর্থনৈতিক ‘আগ্রাসনের’ সঙ্গে মানিয়ে নিচ্ছে। কিন্তু সতর্ক করে দিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞার বলি হচ্ছে ইউরোপীয়দের জীবনযাত্রা মান। গরিব দেশগুলো খাবার পাওয়ার সুযোগ হারাচ্ছে।

ইউক্রেইন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে ইউরোপ দরিদ্র দেশগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন পুতিন। তিনি বলেন, আগস্টের শুরুতে ইউক্রেইন থেকে শস্য রপ্তানি পুনরায় শুরুর পর এখন পর্যন্ত শস্যবোঝাই মাত্র দুটি জাহাজ আফ্রিকায় গেছে।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে আগ্রাসন শুরুর পর রাশিয়া প্রথমেই দেশটির সমুদ্র বন্দরগুলোর নিয়েন্ত্রণ নিয়ে নেয়। নানা দেন দরবারের পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় বন্দর সচলে চুক্তি করেছে ইউক্রেইন ও রাশিয়া।

চুক্তি অনুযায়ী, ইউক্রেইন থেকে বের হওয়া পণ্যবোঝাই সব কার্গোকে আগে তুরস্কে একটি যৌথ কেন্দ্র থেকে অনুমতি নিতে হবে।

ওই সেন্টার থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত ২০ লাখ টন শস্য ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

পুতিন বলেছেন, মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুরস্ককে পাত্তা না দিয়ে বিশেষ করে ইউক্রেইন থেকে রপ্তানি করা খাদ্যশস্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোয় না পাঠিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেইন যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এরইমধ্যে দেশটির এক-পঞ্চমাংশ ভূমির দখল নিয়েছে রাশিয়া। তবে বর্তমানে ইউক্রেইনের সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করেছে।

ইউক্রেইনের রাজধানী কিইভে এবং উত্তরাঞ্চলে রুশ বাহিনী আগেই প্রতিরোধের মুখে পড়ে পিছু হটেছিল। এখন দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চলেও পাল্টা আক্রমণ করছে ইউক্রেইনীয় বাহিনী।

ইউক্রেইন যুদ্ধের জেরে রাশিয়ার জ্বালানি, অর্থনীতি, বাণিজ্য এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর পশ্চিমারা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওই নিষেধাজ্ঞার জের অবশ্য শুধু রাশিয়াকে নয় বরং বিশ্বকেই বিপদে ফেলেছে। রাশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব বাজারে জ্বালানির দাম হু হু করে বেড়ে গেছে। তার ফলে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে।

রাশিয়া ও ইউক্রেইন বিশ্বের অন্যতম শীর্ষ শস্য ও ভোজ্য তেল রপ্তানিকারক দেশ। যুদ্ধের কারণে দুই দেশ থেকেই খাদ্যপণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায়ও বিশ্বজুড়ে খাদ্যের দাম অনেক বেড়ে গেছে।

ইউরোপের দেশগুলো গ্যাস ও জ্বালানি তেলের জন্য রাশিয়ার উপর দারুণভাব নির্ভরশীল। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের কারণে ই্উরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার তেল ও গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে।

পাল্টা ব্যবস্থা হিসেবে যান্ত্রিক ত্রুটির দোহাই দিয়ে মস্কো তাদের নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।

এতে ইউরোপে জ্বালানির মূল্য অস্বাভাবিক বেড়ে গেছে। এ সংকট সমাধানে কী ব্যবস্থা গ্রহণ করা যায় তা খুঁজে পেতে ইইউর মন্ত্রীদের আগামী শুক্রবার বৈঠকে বসার কথা রয়েছে।

পুতিনের অভিযোগ, পশ্চিমারা অন্যান্য দেশের উপর নিজেদের আচরণ চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। ফলে অনেক কোম্পানি রাশিয়া ছেড়ে দ্রুত চলে গেছে।

‘‘কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইউরোপের কারখানা ও কর্মসংস্থানের সুযোগ একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে।”

নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকেও ভুগতে হচ্ছে। মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং দিন দিন তা বাড়ছে। বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদনের জন্য আবশ্যিক জিনিস আমদানি করতে পারছে না।

তবে পশ্চিমারা যতই রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করুক সেটা কখনো সম্ভব হবে না বলে মনে করেন পুতিন। বরং মানুষ এখন ডলার, পাউন্ড ও ইউরোর উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বলে মত পুতিনের।