২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিনের হুমকির পরও রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেওয়ার পথে ইইউ

রাশিয়ার গ্যাসের মূল্য বেঁধে দেওয়া হলে ইউরোপে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করা হবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন।

পুতিনের হুমকির পরও রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেওয়ার পথে ইইউ

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 12:59 AM

Updated : 08 Sep 2022, 01:03 AM

রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেওয়া হলে ইউরোপে জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ করা হবে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকির পরও সে পথেই পা বাড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বুধবার পুতিনের ওই হুমকির কয়েকঘণ্টা পরই ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী পরিষদ রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেওয়ার প্রস্তাব করেছে।

ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়াকে শাস্তি দেওয়ার পদক্ষেপের আওতায় সেদেশ থেকে গ্যাস আমদানির ক্ষেত্রে মূল্যসীমা বেঁধে দেওয়ার এই প্রস্তাব দেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন।

এ বিষয়ে ইইউ সদস্যদেশগুলোকে রাজি হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এর উদ্দেশ্য খুবই স্পষ্ট। আমাদেরকে রাশিয়ার রাজস্ব কমাতে হবে। যে রাজস্ব দিয়ে পুতিন ইউক্রেইনে তার নৃশংস যুদ্ধের খরচ চালাচ্ছেন।”

ইউক্রেইনে এই যুদ্ধের ফলে বিশ্বে জ্বালানির দাম বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবেলায় ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়ন এখন কাজে নামতে বাধ্য হচ্ছে।

পুতিন বলছেন, ইউরোপ রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেওয়ার ডাক দিয়ে বোকামি করছে। এতে দাম আরও বেড়ে যাবে এবং ইউরোপে অর্থনৈতিক সংকট দেখা দেবে।

তিনি হুমকি দিয়ে বলেন, ইউরোপের পদক্ষেপ রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে গেলে “আমরা গ্যাস, তেল, কয়লা, হিটিং অয়েল কোনও কিছুই সরবরাহ করব না।”

ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া গ্যাস সরবরাহকে ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করছে। তবে রাশিয়া এমন অভিযোগ অস্বীকার করলেও এরই মধ্যে ইউরোপে তাদের প্রধান গ্যাস সরবরাহ পাইপলাইন নর্ড স্ট্রিম ১ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে।

এর আগে গত সপ্তাহে বৈশ্বিক মূল্যস্ফীতি আর ইউক্রেইন যুদ্ধে রাশিয়ার লাগাম টেনে ধরতে দেশটির তেলের দাম বেঁধে দিতে একাট্টা হয় উন্নত অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।

জোটের অর্থমন্ত্রীরা জানান, নির্ধারিত দামের চেয়ে বেশি ‘বিনিময় মূল্যের’ চুক্তির ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করবেন।

শক্তিশালী অর্থনীতির জি-৭ জোটের দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্য। আগামী ডিসেম্বরে রাশিয়া থেকে সাগরপথে আমদানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে জানায় দেশগুলো।

ওদিকে, ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে রাশিয়ার গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা অনেকটা কমিয়ে এনেছে। বিবিসি জানায়, ইউক্রেইনে আগ্রাসনের আগে ইইউ রাশিয়া থেকে ৪০ শতাংশ গ্যাস আমদানি করত। কিনতু এখন সেই হার নেমে এসেছে মাত্র ৯ শতাংশে।

ইইউ দেশগুলোর মন্ত্রীরা এখন রাশিয়ার গ্যাসের মূল্যসীমা বেঁধে দেওয়ার পাশাপাশি গ্যাসের দামকে বিদ্যুতের দামের থেকে কিভাবে আলাদা করা যায় সে পথও খুঁজছেন।