২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় হামলার দায় স্বীকার ইউক্রেইনের

এর আগ পর্যন্ত ক্রিমিয়ায় হওয়া হামলাগুলোতে তারা জড়িত ছিল বলে শুধু ইঙ্গিত দিয়েছিল ইউক্রেইন কিন্তু দায় স্বীকার করেনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 01:25 PM

Updated : 08 Sep 2022, 02:26 PM

রাশিয়ার সংযুক্ত উপদ্বীপ ক্রিমিয়ায় রুশ বাহিনীর বিমান ঘাঁটিতে ধারাবাহিক কয়েকটি হামলার দায় স্বীকার করেছে ইউক্রেইন।

গত মাসে চালানো এসব হামলার একটিতে রাশিয়ার সাকি সামরিক স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বুধবার ইউক্রেইনের শীর্ষ সামরিক প্রধান সেনাবাহিনীর সর্বাধিনায়ক ভ্যালেরি জেলুঝনি ওইসব হামলার দায় স্বীকার করেন; জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইনের আইনপ্রণেতা মিখাইলো জেব্রোডস্কির সঙ্গে সহলেখক হিসেবে লেখা এক নিবন্ধে জেলুঝনি জানান, হামলাগুলো ক্ষেপণাস্ত্র অথবা রকেট দিয়ে চালানো হয়েছে।

ইউক্রেইনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা উক্রিনফর্মে প্রকাশিত নিবন্ধটিতে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানাননি তারা। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেইনের প্রতিক্রিয়া নিয়ে নিবন্ধটি লেখা হয়েছে।

এর আগ পর্যন্ত ক্রিমিয়ায় হওয়া হামলাগুলোতে তারা জড়িত আছে বলে শুধু ইঙ্গিত দিয়েছিল ইউক্রেইন কিন্তু দায় স্বীকার বা স্পষ্ট করে কিছু বলেনি।

দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেনামে রয়টার্সকে জানিয়েছিলেন, ক্রিমিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিগুলোতে যে বিস্ফোরণগুলো ঘটেছে তা সেখানে থাকা ইউক্রেইনীয় নাশকতাকারীদের কাজ।

নিবন্ধটিতে বলা হয়েছে, রাশিয়ার নাগরিকদের থেকে যুদ্ধকে ‘দূরে’ রাখার কৌশল নিয়েছে মস্কো।

এতে জেলুঝনি ও জেব্রোডস্কি লিখেছেন, “শত্রুতাকে ক্রিমিয়ায় পাঠানোর ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর সফল প্রচেষ্টা ছিল সেগুলো। আমরা ক্রিমিয়ায় থাকা শত্রুর বিমান ঘাঁটিগুলোর বিরুদ্ধে চালানো ধারাবাহিক সফল রকেট হামলা নিয়ে কথা বলছি। এগুলোর প্রথমেই আসে সাকি বিমান ক্ষেত্রের কথা।”

নিবন্ধের পাদটিকায় স্পষ্ট করে বলা হয়েছে, ৯ অগাস্ট সাকি বিমানক্ষেত্রে হামলা চালানো হয় আর সেটি ছিল একটি ‘সম্মিলিত আক্রমণ’ এবং এতে রাশিয়ার ১০টি যুদ্ধবিমান ‘অকেজো হয়ে যায়’।

আরও পড়ুন:

পুরনো খবর:

পুতিনের হুমকির পরও রাশিয়ার গ্যাসের দাম বেঁধে দেওয়ার পথে ইইউ
পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরে ইউরোপের জনজীবন ধ্বংস: পুতিন