২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ছেন অ্যারিজোনার সেনেটর কারস্টন সিনেমা

গত দুই বছরের বেশি সময় ধরে অ্যারিজোনার সেনেটর কারস্টন সিনেমা কোনো বিলে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে ভোটদান থেকে বিরত থাকছিলেন।

ডেমোক্র্যাটিক পার্টি ছাড়ছেন অ্যারিজোনার সেনেটর কারস্টন সিনেমা

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সেনেটর কারস্টন সিনেমা।

রয়টার্স

Published : 10 Dec 2022, 09:30 PM

Updated : 10 Dec 2022, 09:30 PM

মাত্র তিনদিন আগে জর্জিয়ায় রান অফ ভোটে জিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে নিজেদের সংখ্যাগোরিষ্ঠতা নিশ্চিত করেছিল ডেমোক্রেটিক পার্টি। কিন্তু শুক্রবার অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সেনেটর কারস্টন সিনেমার দল ছেড়ে নিজেকে স্বতন্ত্র ঘোষণা করার মধ্য দিয়ে দেশটির রাজনীতিতে নতুন নাটকের সূত্রপাত হয়েছে।

গত মঙ্গলবার জর্জিয়া সেনেট আসনের রান-অফ ভোটের ফল প্রকাশ পায়। যেখানে ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনকয়ের জয়ের মধ্য দিয়ে ১০০ আসনের সেনেটে ৫১ আসন নিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল ডেমোক্র্যাটরা। রিপাবলিকদের দখলে ৪৯ আসন।

এক ডেমোক্র্যাটিক নেতা জানান, সিনেমা গত বৃহস্পতিবার সেনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমারকে তার ওই সিদ্ধান্তের কথা জানান।

পরে এক বিবৃতিতে শুমার বলেন, ‘‘তিনি আমাকে তার কমিটি কার্যক্রম অব্যাহত রাখতে বলেছেন এবং আমি তাতে রাজি হয়েছি।”

সিনেমার এই দলত্যাগের ঘোষণা ডেমেক্র্যাটদের হতাশ করলেও খুব একটা হতবাক করেনি। কারণ, তিনি এবং ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্র্যাটিক সেনেটর জো মানচিন গত দুই বছরের বেশি সময় ধরে কোনো বিলে বাইডেন ভোট চাইলেও তারা বারবার ভোটদান থেকে বিরত থাকছিলেন। তাদের দুইজনের কারণে একাধিক বিল পাস করার ক্ষেত্রে আটকে যেতে হয়েছে ডেমোক্র্যাটদের।

কারস্টন সিনেমা ২০১৯ সালের জানুয়ারি থেকে সেনেটরের দায়িত্ব পালন করে আসছেন।

‘অ্যারিজোনা রিপাবলিক’ পত্রিকায় শুক্রবার প্রকাশিত এক আর্টিকেলে সিনেমা বলেন, ‘‘অ্যারিজোনার অনেক বাসিন্দার মত আমিও কখনো জাতীয় দলগুলোর কোনোটিতেই ঠিকঠাকমত খাপ খাওয়াতে পারিনি।”

সিনেমা এখন ডেমোক্র্যাটিক দলের জোটের (ককাস) থাকবেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছেন, তিনি রিপাবলিকান জোটে যোগ দিবেন না।

যদি তাই হয় তবে ‘চরম টাইট’ সেনেটে সিনেমার দলত্যাগের পরও সামান্য ব্যবধানে হলেও ডেমোক্র্যাটরা এগিয়ে থাকবে।

গত ৮ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারালেও সেনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি।

সেনেটে সিনেমা একাই স্বতন্ত্র নন। বরং আরো দুই সেনেটর ভারমোন্টের বার্নি স্যান্ডার্স এবং মেইনের আঙ্গস কিং স্বতন্ত্র। তবে স্বতন্ত্র হলেও তারা ডেমোক্র্যাট জোটের (ককাস) সঙ্গে আছেন।

২০২৪ সালে সিনেমার আসনে পুনরায় সেনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। ডেমোক্র্যাট পার্টি থেকে সেই আসনে প্রার্থী দেয়া হবে বলেই ধারণা করা হচ্ছে। সম্ভাব্য ডেমোক্র্যাটিক প্রার্থী রুবেন গালেগো।

পুরনো খবর:

জর্জিয়ার জয়ে মার্কিন সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা