তরুণদের গল্পে ‘অন্যপাতা’, প্রেক্ষাগৃহে আসছে শুক্রবার
সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বুয়েট, চুয়েট, ঢাবি ও চবির প্রায় ৪০ জন শিক্ষার্থী।
পরিবারের প্রত্যাশা, আর্থিক টানাপড়েন, প্রেম, পরিচয়ের সংকট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ–তরুণদের জীবনের এমন নানা গল্প নিয়ে ‘অন্যপাতা’ নামে একটি সিনেমা বানিয়েছেন একদল শিক্ষার্থী।
শারদীয় দুর্গোৎসব ঘিরে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
এসজেএ প্রোডাকশনের ব্যানারে সিনেমাটির নেপথ্যে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রায় ৪০ জন শিক্ষার্থী।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন মো. শাহেজাহান। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের শিক্ষার্থী।
এক ঘণ্টা ৪০ মিনিটের এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল ও প্রত্যাশা ঘোষ। পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ ইফতিখার।
সিনেমার গল্প নিয়ে শাহেজাহান বলেন, "অন্যপাতার গল্পটা আমাদের সবার নিজের জীবনের গল্প। এটা শুধু অ্যাডমিশনের গল্প বলে থেমে থাকেনি, আমাদের মা-বাবার প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি দায়িত্ব, হাজারটা দায়িত্বের মাঝেও নিজের মনের কথা, ভালোবাসার অনুভূতির প্রকাশ। সব মিলিয়ে আশা করি দর্শক আপন করে নেবে অন্যপাতাকে।”
সিনেমায় রয়েছে ছয়টি মৌলিক গান। এর মধ্যে প্রকাশ্যে এসেছে ‘অন্যপাতা’ সিনেমার দুই মিনিট ২০ সেকেন্ডের ট্রেইলার। সেখানে বিশ্ববিদ্যালয় জীবনের সরল মিষ্টি প্রেম, অনুভূতির খুনসুটি, ভর্তি পরীক্ষা এবং পারিবারিক চাপে জীবনের দায়িত্ব নেওয়ার গল্পও উঠে এসেছে।
