পার্লামেন্ট ভেঙে দিল পাকিস্তান, এরপর কী
তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নিয়ম থাকলেও তা আগামী বছর পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজনৈতিক অস্থিরতা ও চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ভেঙে দেওয়া হয়েছে পাকিস্তানের পার্লামেন্ট; এর মধ্যে দিয়ে দেশটিতে একটি সাধারণ নির্বাচনের পট প্রস্তুত হল।
জাতীয় নির্বাচন আয়োজনে এখন দেশটিতে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তবে দুর্নীতির মামলায় সদ্য দণ্ডিত হয়ে কারাগারে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচনে অংশ নিতে পারবেন না।
গতবছরের এপ্রিলে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো পিটিআই নেতা ইমরানের বিরুদ্ধে দুর্নীতির কয়েকটি মামলা ও গ্রেপ্তার ঘিরে কিছুদিন আগে পাকিস্তানে উত্তেজেনা ছিল তুঙ্গে। সবশেষ কয়েকদিন আগে তোষাখানা দুর্নীতির মামলায় তিন বছর দণ্ডিত হয়ে কারাগারে যেতে হয়েছে তাকে।
সাজা ঘোষণার পর পাকিস্তানের রাজনীতিতে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
পাকিস্তানের নিয়ম অনুযায়ী, দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি দেশটির নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
এর মানে হচ্ছে, ইমরান খান ২০২৮ সাল পর্যন্ত এমপি হিসাবে থাকতে পারবেন না এবং নির্বাচনে লড়া কিংবা সরকারি দায়িত্ব পালন করতে পারবেন না।
এখন পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর নির্বাচন আয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং অস্থির রাজনৈতিক পরিবেশে নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জগুলো এক প্রতিবেদনে তুলে ধরেছে এনডিটিভি।
নির্বাচন ৯০ দিনের মধ্যে
পাকিস্তানের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টে ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারই জাতীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে।
সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে পাকিস্তানের নতুন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এছাড়া ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বন্দোবস্ত করতে বলেছেন। যদিও এই নির্বাচন আগামী বছর পর্যন্ত বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছে বিদায়ী সরকার।
শাহবাজ শরিফ জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য বৃহস্পতিবার তিনি পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা শুরু করবেন, তাদের বৈঠকে উভয়পক্ষ থেকে সুপারিশ পাওয়া প্রার্থীদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হবে।
এ বছর নভেম্বরে পাকিস্তানে জাতীয় নির্বাচন হওয়ার কথা থাকলেও দেশে নতুন আদমশুমারির কাজ শুরু হওয়ায় ভোট কয়েক মাস পিছিয়ে যেতে পারে। আদমশুমারি শেষ করতে এবং নতুন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করতে প্রায় চার মাস সময় লেগে যেতে পারে বলে এর আগে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বিদায়ী সরকারের আইনমন্ত্রী।
যার অর্থ, নভেম্বরে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা অন্তত কয়েক মাস পিছিয়ে যেতে পারে; পাকিস্তানের নির্বাচন কমিশনের সাবেক শীর্ষ কর্মকর্তা কুনওয়ার দিলশাদ বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন।
তিনি বলেন, “পরিস্থিতি বেশ জটিল রূপ নিতে যাচ্ছে। নতুন আদমশুমারির অর্থ পুরো দেশজুড়ে নতুন করে নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ করতে হবে। সেই প্রক্রিয়া সম্পন্ন করে সাংবিধানিকভাবে প্রয়োজনীয় সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। যার অর্থ, আগামী বছর ফেব্রুয়ারির আগে নির্বাচন আয়োজন সম্ভব হবে না।”
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে বেশি দেরি হলে তাতে জনঅসন্তোষ সৃষ্টি হতে পারে, আর তাতে পারমাণবিক শক্তিধর দেশটিতে বিদ্যমান অস্থিরতা আরও বাড়তে পারে।
কিন্তু পাকিস্তানকে যেহেতু অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রীতিমত সংগ্রাম করতে হচ্ছে, সেহেতু এ নির্বাচন স্থগিত রাখার কথা চিন্তা করছে শরিফ সরকার। পাকিস্তানের এই অস্থিতিশীল পরিবেশ যুক্তরাষ্ট্রকেও সতর্ক অবস্থানে রেখেছে।
হোয়াইট হাউস মুখপাত্র জন কিরবি বলেছেন, বিশেষ করে সহিংসতার মত ঘটনা নিয়ে তারা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা পাকিস্তানকে আরো অস্থিতিশীল করে দিতে পারে।
ইমরান খান ‘সাইডলাইনে’
ইমরান খানের দল পিটিআই ২০১৮ সালের সর্বশেষ সাধারণ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছিল। ভোটের তিন দিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার।
তবে গত বছর পার্লামেন্টে এক অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। তারপর থেকে তাকে ঘিরে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে আছে। সেনাবাহিনীর সঙ্গেও ইমরানের সম্পর্কের অবনতি হয়েছে।
এনডিটিভি লিখেছে, পাকিস্তানে ফের সাধারণ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় স্বাধীনতার পর থেকে অন্তত তিনটি সফল অভ্যুত্থান ঘটানো দেশটির সামরিক বাহিনী ফের সংঘাত-বিধ্বস্ত দেশটিতে ছায়া ফেলছে।
বিশেষজ্ঞরা মনে করেন, ক্রিকেটার থেকে জনপ্রিয়তা পাওয়া ইমরানের প্রধানমন্ত্রী হওয়া এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার ক্ষেত্রেও মূলত সামরিক বাহিনীর প্রভাব কাজ করেছে। সামরিক বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি মতভিন্নতায় জড়িয়েছিলেন।
ইমরান অভিযোগ করছিলেন, এই বাহিনী পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। এমনকি নভেম্বরে তাকে হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে এক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। সেসময় ইমরানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, যেটি লেগেছিল তার পায়ে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর আগাম নির্বাচনের দাবিতে পার্লামেন্ট থেকে দলের এমপিদের বের করে আনতে পারলেও সামরিক বাহিনীর বিরুদ্ধে ইমরান খানের সোচ্চার অবস্থান শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। দুই শতাধিক মামলা দিয়ে ইমরানকে পর্যদুস্ত করে ফেলা হয়েছে। তোষাখানা দুর্নীতির মামলার রায় স্থগিতের যে আবেদন তিনি করেছিলেন, তাও নাকচ হয়ে যাওয়ায় তাকে এখন কাটাতে হচ্ছে কারাগারে।
আরও পড়ুন-
