আমার জেল হলে মানুষ সহ্যের শেষ সীমায় পৌঁছতে পারে: ট্রাম্প
পর্নো তারকাকে দেওয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত এই সাবেক প্রেসিডেন্টের সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে আগামী ১১ জুলাই।
পর্নো তারকাকে দেওয়া ঘুষের ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে আগামী ১১ জুলাই। রায়ে তার কারাদণ্ড হতে পারে।
সেই সম্ভাবনা মাথায় রেখে রোববার ট্রাম্প বলেছেন, মামলার রায়ে তার জেল কিংবা গৃহবন্দিত্বের আদেশ এলে তিনি তা মেনে নেবেন। কিন্তু মার্কিনিদের পক্ষে তা মেনে নেওয়া কঠিন হবে। তারা সহ্যের শেষ সীমায় চলে যেতে পারে।
ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ঐতিহাসিক ঘুষ মামলার রায় নিয়ে এসব কথা বলেন এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার জেল সমর্থকদের সহ্যের শেষ সীমায় (ব্রেকিং পয়েন্ট) নিয়ে যেতে পারে বলে ওই সতর্কবার্তা দেন। রোববার সাক্ষাৎকারটি সম্প্রচার হয়েছে।
গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ট্রাম্পকে পর্নো তারকাকে দেওয়া ঘুষের মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তার সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। আর এই অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে এসব অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ডনাল্ড ট্রাম্প। তিনি দোষী প্রমাণিত হওয়া প্রথম একজন প্রেসিডেন্ট প্রার্থীও, যিনি প্রধান একটি দল থেকে যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন।
আগামী ১১ জুলাইয়ের রায়ে এ মামলায় ট্রাম্পের সর্বোচ্চ চার বছর কারাদণ্ড হতে পারে; যদিও অনেকে এমন ক্ষেত্রে আরও কম মেয়াদে সাজা, জরিমানা ও নিষেধাজ্ঞা পেয়ে থাকেন।
ট্রাম্প তার এই কারাদাণ্ডের সম্ভাবনার বিষয়ে ফক্স নিউজকে বলেন, “মানুষজন এমন রায়ের পক্ষে দাঁড়াবে কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত নই। আমার মনে হয় এটা মেনে নেওয়া মানুষের পক্ষে কঠিন হবে। আপনারা জানেন, একটা নির্দিষ্ট সীমা আছে। একটা সহনসীমা আছে।”
তবে মানুষ সেই সীমায় পৌঁছলে কি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। এর আগে ২০২০ সালে ট্রাম্পের লড়াইয়ের ডাকেই তার সমর্থকরা ক্যাপিটল হিলে দাঙ্গা-হাঙ্গামা বাধিয়েছিল।
