নিখোঁজ জার্মান ব্যবসায়ীর টুকরো লাশ পাওয়া গেল থাইল্যান্ডে
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জার্মানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিখোঁজ এক জার্মান ব্যবসায়ীর লাশ খুঁজে পেয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। নাম হান্স পিটার ম্যাক (৬২)। একটি বাড়ির ফ্রিজার এবং ময়লার ব্যাগে তার লাশ পাওয়া যায়।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নগরী নং প্রুর একটি ভাড়া বাড়িতে সোমবার পুলিশ এই লাশ খুঁজে পায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জার্মানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
ম্যাক সম্পত্তি কেনা-বেচার দালালি করতেন। তিনি তার থাই স্ত্রীর সঙ্গে পূর্বাঞ্চলীয় শহর পাতায়ায় থাকতেন। ৪ জুলাই থেকে ম্যাক নিখোঁজ ছিলেন।
পুলিশ বলছে, গ্রেপ্তার দুই সন্দেহভাজন ম্যাককে খুনের চক্রান্ত করে এবং তারপর দেহ বয়ে নিয়ে গিয়ে তা লুকিয়ে ফেলে।
ম্যাকের পরিবার একটি নিখোঁজ নোটিশ দিয়ে তার সন্ধানদাতার জন্য ৩০ লাখ ভাট পুরস্কার ঘোষণা করেছিল। ওই নোটিশে বলা হয়, পাতায়ায় ম্যাককে শেষ দেখা গিয়েছিল তার সেদান মার্সিডিজে।
কয়েকটি খবরে বলা হয়েছে, নং প্রুর একটি বাড়ির পার্কিং এলাকায় ওই গাড়িটি পাওয়া যায় গত রোববার।
থাই টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা গেছে, লাশের সঙ্গে সঙ্গে তদন্তকারীরা কিছু জিনিসও পেয়েছে। গাড়ির সিট, ড্যাশবোর্ড, স্টেয়ারিং হুইল এবং অন্যান্য স্থান পরিষ্কার করার আলামতও পুলিশ খুঁজে পেয়েছে।
এতে বোঝা যাচ্ছে, “প্রমাণ ধ্বংসের চেষ্টা করা হয়েছে”, ব্যাংকক পোস্ট পত্রিকাকে বলেছেন, পুলিশের মেজর জেনারেল থিরাচাই চামনানমোর।
নং প্রু’র পুলিশ প্রধান বলেছেন, ম্যাকের ব্যাংক একাউন্ট থেকে বিশাল অঙ্কের অর্থও উধাও হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিনি আরও বলেন, ম্যাকের দেহাবশেষ পরে ওই এলাকার সিসিটিভি ফুটেজ ব্যবহার করে খুঁজে পাওয়া যায়। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
স্থানীয় এক সম্প্রচারমাধ্যমের সাংবাদিক জানান, নিখোঁজ হওয়ার দিন ম্যাক ও তার স্ত্রীর দুপুরে একসঙ্গে খাবার খাওয়ার কথা ছিল।
কিন্তু ম্যাক না আসায় তাকে ফোন করেছিলেন তার স্ত্রী। ম্যাক ফোন ধরেননি। পরে তার স্ত্রী ফোনে একটি বার্তা পেয়েছিলেন যে, তাকে পরে ফোন করবেন ম্যাক।
পরে সেইদিন রাতেই ১০ টার দিকে তিনি আরেকটি বার্তা পান যে, ম্যাক তখনও একজন ক্লায়েন্টের সঙ্গে ছিলেন।
এরপর ম্যাক কখনও তাকে আর কোনও বার্তা পাঠাননি বলে জানান তার স্ত্রী।
