সিরিয়ায় উপমন্ত্রীর পক্ষত্যাগ
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের তেল বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দু হুসামেদ্দিন পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়ারও ঘোষণা দিয়েছেন।
ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের তেল বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দু হুসামেদ্দিন পদত্যাগ করেছেন। একইসঙ্গে তিনি দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে যোগ দেয়ারও ঘোষণা দিয়েছেন।
বুধবার ইউটিউবে এক ভিডিও পোস্টের মাধ্যমে হুসামেদ্দিন পক্ষত্যাগের ঘোষণা দেন বলে বিবিসি জানায়।
২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর পক্ষত্যাগী সবচেয়ে বড় পদ মর্যাদার বেসামরিক কর্মকর্তা হলেন উপমন্ত্রী হুসামেদ্দিন।
ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওতে হুসামেদ্দিন বলেন, “আমি আব্দু হুসামেদ্দিন সিরিয়ার তেল, খনিজ সম্পদ বিষয়ক উপমন্ত্রী। আমি সরকারের পক্ষ ত্যাগ ও মন্ত্রিসভা থেকে ইস্তফার ঘোষণা দিচ্ছি। একই সঙ্গে বাথ পার্টি থেকেও আমি নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি।”
তিনি আরো বলেন, “যারা এ সরকারের অন্যায় ও নৃশংস অভিযানকে প্রত্যাখ্যান করেছে, আমি সেই বিরোধীদের সঙ্গে যোগ দিচ্ছি।”
৫৮ বছর বয়সী হুসামেদ্দিন ২০০৯ সাল থেকে সিরিয়া সরকারে উপমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
তবে হুসামেদ্দিনের পদত্যাগের ঘোষণা বিষয়ে সিরিয়া সরকার কোনো মন্তব্য করেনি।
হোমসে জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ভ্যালেরি আমোসের সফরের পরেই তিনি পক্ষত্যাগের ঘোষণা দেন।
হোমস সফরের পর আমোস জানান, শহরটির কিছু কিছু এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। বোমা হামলার ফলে বাবা আমোর শহরের অবস্থা এমন হয়েছে যে, শিগগিরই পুরো শহর ভেঙে পড়বে।
গত সপ্তাহে ক্রমান্বয়ে গোলা বর্ষণ করে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে থাকা বাবা আমর পুনর্দখল নেয় সিরিয়া সরকার।
আসাদবিরোধী কর্মীরা জানান, শহরটিতে ঢোকার পর থেকে সেনারা গণহত্যা শুরু করেছে। অবশ্য সিরীয় সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদেরও হত্যাযজ্ঞের জন্য দায়ী করা হয়েছে।
সিরিয়ায় বিদেশি গণমাধ্যমগুলোকে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সরকার ও বিরোধীপক্ষ কারোর দাবিই নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৯৫২ ঘ.
