ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার লড়াই বিক্ষুব্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানাতে বুধবার দামেস্কে গেছেন জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ভ্যালেরি আমোস।
বিবিসি এক খবরে জানায়, জাতিসংঘ এ কর্মকর্তা রাজধানী দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি বিক্ষুব্ধ শহর হোমসে রওনা হয়েছেন।
তবে নিরাপত্তা উদ্বেগের কারণে ওই অঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)’ কে প্রবেশের অনুমতি দেবে না বলে জানিয়েছে সিরিয়া।
রেডক্রস গত শুক্রবার থেকে চেষ্টা করেও হোমসের বাবা আমরোয় ঢুকতে পারেনি।
গত সপ্তাহে ভ্যালেরি আমোসকেও সিরিয়ায় ঢোকার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। সিরিয়া সফরের লক্ষ্য সম্পর্কে আমোস বলেন, “অসহায় মানুষদেরকে জরুরি ত্রাণ সরবরাহে তিনি মানবিক ত্রাণ কর্মীদেরকে অবাধে লড়াই বিক্ষুব্ধ এলাকায় প্রবেশ করতে দেওয়ার জন্য সব পক্ষকে আহ্বান জানাবেন।”
ভ্যালেরির সফরের দিনও হোমসে বোমা হামলা চালানো হচ্ছে। বিদ্রোহীদের ওপর রাতভর গোলাবর্ষণ করেছে সিরিয়ার সরকারি বাহিনী। বেশ কয়েকটি এলাকায় চলছে তল্লাশি অভিযানও।
সিরিয়ার পরিস্থিতি ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভ্যালেরির পর আগামী দিনগুলোতে জাতিসংঘ ও আরব লিগের যৌথ প্রতিনিধি কফি আনানেরও সিরিয়া সফরে যাওয়ার কথা রয়েছে।
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, হোমস থেকে প্রায় দেড় হাজার সিরীয় সীমান্ত অতিক্রম করে লেবাননে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই নারী ও পুরুষ।
২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়। গত এক বছরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে সাড়ে সাত হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৮ঘ.
bdnews24