আম্মান, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবিক সহায়তা প্রদানে বাধা ও মানবাধিকার লঙ্ঘণের কারণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর চাপ বাড়ছে। চলতি সপ্তাহেই দেশটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান। এছাড়া বিক্ষুব্ধ শহর হোমসের হাসপাতালে নিপীড়নের ছবি প্রকাশ পাওয়ায় হইচই পড়ে গেছে।
সোমবার ব্রিটেনের টেলিভিশন চ্যানেল ফোর গোপনে ধারণ করা একটি ভিডিওচিত্র প্রকাশ করে। এ ভিডিওচিত্রটি হোমসের একটি সরকারি হাসপাতাল থেকে ধারণ করা বলেও জানায় টেলিভিশন চ্যানেলটি।
ভিডিওতে হাসপাতালের চিকিৎসাকর্মীদের হাতে রোগীদের নিপীড়নের চিত্র দেখানো হয়েছে।
স¤প্রচারিত ভিডিওটি নিরপেক্ষভাবে যাচাই করা যায় নি বলেও চ্যানেলটি জানায়।
ভিডিওটিতে দেখা যায়, আহত ও চোখ বাঁধা লোকদের বিছানার সঙ্গে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে। একটি ওয়ার্ডের টেবিলের ওপর রাবারে চাবুক ও বৈদ্যুতিক তারও দেখা গেছে। কয়েকজন রোগীর গায়ে প্রচণ্ড মারের চিহ্নও দেখা গেছে।
এদিকে সিরিয়ায় বিমান হামলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সিনেটর জন ম্যাককেইন। সিরিয়ার জনগণকে রক্ষায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে তিনি সিরিয়ার আসাদ সরকারের বিরোধীপক্ষকে অস্ত্র দিয়ে সহায়তা করারও আহ্বান জানান।
চলতি সপ্তাহের শেষ দিকে সিরিয়া সফরের জন্য সরকার অনুমতি দিচ্ছে বলে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভ্যালেরি আমোস জানান।
২০১১ সালের মার্চে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪২১ ঘ.
bdnews24