ওয়াশিংটন/বৈরুত, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ এখন কেবল সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক কোনো পদক্ষেপ নেয়াটা ভুল হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবামা বলেন, “শেষপর্যন্ত একনায়কের পতন ঘটবে।” তবে আসাদকে পদত্যাগে বাধ্য করা হবে কিনা সেটা কোনো বিষয় নয় বলেও জানান তিনি।
আসাদ বাহিনীর ওপর মার্কিন বিমান হামলা চালাতে সোমবার মার্কিন সিনেটর জন ম্যাক কেইন আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট সরাসরি এর বিরোধিতা করে বলেন, “সিরিয়ার সরকারবিরোধীদের ওপর এক বছর ধরে চলা দমনাভিযান বন্ধে একটাই উপায় রয়েছে বা যুক্তরাষ্ট্র একপাক্ষিকভাবেই এটা করতে পারে- এমনটা ভাবা ঠিক হবে না।”
হোয়াইট হাউস মঙ্গলবার জানায়, সিরিয়ার সহিংসতা বন্ধে ওবামা কূটনৈতিক উদ্যোগ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ। এছাড়া আসাদকে বিচ্ছিন্ন করা, তার রাজস্বের উৎস বন্ধ ও তার বিরোধীদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
হোমস শহরে ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়া ও মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে আসাদের অনুগতরা পশ্চিমা দেশগুলোর ক্রমাগত সমালোচনার মুখে পড়েছে। ঠিক এরকম মুহূর্তেই এমন মন্তব্য করলেন ওবামা।
হোমস থেকে পালিয়ে আসা মানুষেরা জানান, শহরের সর্বত্র লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পাথরের নিচে চাপা পড়া লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
বিদ্রোহীরা জানায়, মঙ্গলবার বাবা আমরোতে হামলা চালিয়েছে নিরাপত্তা বাহিনী। অন্য এক এলাকায় বন্দুক যুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ডেরা প্রদেশের হেরাক শহরে সশস্ত্র সাঁজোয়া যান দিয়ে পশ্চিমা স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। দেইর আল-জর শহরেও অভিযানের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৭ ঘ.
bdnews24