জাতিসংঘ, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারীদের ওপর সরকারি দমন-পীড়ন বন্ধসহ যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে করেছে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্র ও মরক্কো।
চীন ও রাশিয়ার বিরোধিতার কারণে প্রায় এক বছর ধরে গণতন্ত্রপন্থী সিরিয়ার আন্দোলনকারীদের ওপর সিরীয় সরকারি বাহিনীগুলোর দমন অভিযানের বিষয়ে কিছুই করতে পারছে না ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ।
এখন যুক্তরাষ্ট্রের এই খসড়া প্রস্তাবেও কোনো লাভ হবে কিনা তা স্পষ্ট নয়। প্রস্তাবটিকে ‘অত্যন্ত দুর্বল’ বলে উল্লেখ করেছে পশ্চিমা কূটনীতিকরা।
প্রস্তাবে অবাধে মানবিক ত্রাণ সরবরাহের ব্যবস্থাসহ সিরীয় সরকার কর্তৃক মানুষের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের ব্যাপক লঙ্ঘনের নিন্দা জানানো ও তাৎক্ষণিকভাবে এসব বন্ধ করার দাবি জানানো হয়েছে।
এছাড়া সামরিক বাহিনী প্রত্যাহারসহ যথেচ্ছভাবে আটক বন্দিদের মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে প্রস্তাবটিতে।
নিরাপত্তা পরিষদের সব সদস্য প্রস্তাবটির বিষয়ে ঐক্যমতে পৌঁছলে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সিরীয় সরকারের কাছে দাবিগুলো জানানো হবে।
মঙ্গলবার প্রস্তাবটি নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্র ও ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের একমাত্র আরব রাষ্ট্র মরক্কোর প্রতিনিধিরা প্রায় দেড়ঘন্টা আলোচনা করেন। তবে বৈঠক শেষে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকেন।
এ বিষয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস বলেন, “বিষয়টি নিয়ে কোনো সমঝোতায় আসা যায় কিনা তা নিয়ে আজ প্রাথমিক আলোচনা শুরু হলো মাত্র।”
প্রস্তাবটি নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকার কথা জানিয়ে তিনি বলেন, “যদি কোনো গুরুত্বপূর্ণ ভিত্তিতে একমত হওয়া যায় তাহলে সেই বিষয়টি আমরা নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের কাছে পেশ করবো।”
তবে, সিরিয়া সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস ও জাতিসংঘ-আরব লিগের যৌথদূত কফি আনানের অভিজ্ঞতা না জানা পর্যন্ত নিরাপত্তা পরিষদ সিরিয়া বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত হারদ্বিপ সিং পুরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪১ ঘ.
bdnews24