২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া: হোমসের বাবা আমর পরিদর্শন করলেন আমোস

সিরিয়ার লড়াই বিক্ষুব্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানাতে বুধবার দামেস্ক সফররত জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ভ্যালেরি আমোস হোমসের বাবা আমর এলাকা পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:29 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিরিয়ার লড়াই বিক্ষুব্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহের অনুমতি দেওয়ার আহ্বান জানাতে বুধবার দামেস্ক সফররত জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ভ্যালেরি আমোস হোমসের বাবা আমর এলাকা পরিদর্শন করেছেন। সিরিয়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তাদের নিয়ে মাত্র এক ঘন্টার জন্য এলাকাটি পরিদর্শন করেন ভ্যালেরি। রাজধানী দামেস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পরই ভ্যালেরি হোমসে যান বলে জানিয়েছে বিবিসি। গত শুক্রবার থেকে বাবা আমরে প্রবেশের অনুমতির অপেক্ষা করে আসছে ত্রাণকর্মীরা। কিন্তু নিরাপত্তা উদ্বেগের কারণে তাদের আটকে রেখেছে সিরিয়া কর্তৃপক্ষ। এলাকাটিতে কয়েক সপ্তাহ ধরে বোমা হামলা চালাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী। বিদ্রোহীদের হাত থেকে শহরটি পুনর্দখলের পর থেকে সেখানে হত্যাযজ্ঞ চলছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ হত্যাযজ্ঞের জন্য বিদ্রোহীদের দায়ী করা হচ্ছে। শহরটির অধিবাসীদের আরো সহিংসতার হাত থেকে বাঁচাতে গত সপ্তাহে বাবা আমর থেকে সরে গেছে বিদ্রোহী দল ফ্রি সিরিয়ান আর্মি। কিন্তু হোমসে থেমে নেই বোমা হামলা। শহরটিতে অবিরাম গোলাবর্ষণ করেছে সিরিয়ার সরকারি বাহিনী। বেশ কয়েকটি এলাকায় চলছে তল্লাশি অভিযানও। সিরিয়ার পরিস্থিতি ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, হোমস থেকে প্রায় দেড় হাজার সিরীয় সীমান্ত অতিক্রম করে লেবাননে আশ্রয় নিয়েছে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরু হয়। গত এক বছরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে সাড়ে সাত হাজারেও বেশি মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২২২২ঘ.