২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জার্মানিতে ওমিক্রনে প্রথম মৃত্যু

যুক্তরাজ্য এবং ‍যুক্তরাষ্ট্রের পর এবার জার্মানিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে প্রথম একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে সংক্রামক রোগ বিষয়ক রবার্ট কখ ইন্সটিটিউট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2021, 10:15 PM

Updated : 08 Apr 2022, 12:02 AM

মারা যাওয়া এই ব্যক্তির বয়স ৬০ থেকে ৭৯’র মধ্যে বলে জানায় কখ ইন্সটিটিউট।

বিবিসি জানায়, জার্মানিতে নতুন ওমিক্রন শনাক্ত হয়েছে ৮১০ জনের। এ নিয়ে দেশটিতে এই ধরনের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৯৮ জনে।

মঙ্গলবার জার্মানির নতুন চ্যান্সেলর ওলফ শলৎস দেশের ১৬ টি আঞ্চলিক নেতাদের সঙ্গে বসে নতুন করে ব্যাপক পরিসরে করোনাভাইরাসের বিধিনিষেধ আরোপের ব্যাপারে একমত হয়েছেন।

ওমিক্রন সংক্রমণ কমানোর চেষ্টায় ২৮ ডিসেম্বর থেকে এইসব বিধি কার্র্যকর করা হবে। সেইসঙ্গে টিকা নিতে অনাগ্রহী মানুষজনকে টিকা নিতে এগিয়ে আসার জন্য তাগাদা দেওয়া হবে।

নতুন পদক্ষেপের আওতায় টিকা নেওয়া কিংবা কোভিড থেকে সেরে ওঠা সর্বোচ্চ ১০ জন কোনও ব্যক্তিগত জমায়েতে অংশ নিতে পারবেন।

আতিথেয়তা করা যাবে কেবল যারা টিকা নিয়েছেন তাদেরই। আর ক্রীড়া অনুষ্ঠানগুলোও হবে কোনও দর্শকশ্রোতা ছাড়া।

চ্যান্সেলর বলেছেন, “যত দ্রুত করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার কথা আমরা ভেবেছিলাম, তার চেয়ে অনেক বেশি সময় লাগছে। সবাইকে সহযোগিতা করতে হবে।”