সানা, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইয়েমেনে রোববার নতুন করে বিক্ষোভ-সংঘর্ষে ২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস এবং গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে।
বুলেট বিদ্ধ হয়েছে অন্তত ১০ জন। কিন্তু অন্যান্যরা বেশির ভাগই টিয়ার গ্যাসজনিত সমস্যায় ভুগছে। হাসপাতালের এক ডাক্তার একথা জানিয়েছেন।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এর পদত্যাগের দাবিতে তিয়াজ প্রদেশে এ বিক্ষোভকারীরা এ দমনাভিযানের শিকার হয়।
তবে তিয়াজের গভর্নর বিক্ষোভ-সংঘর্ষে কেউ নিহত হওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি সংঘর্ষে ৮ সেনা আহত হয়েছে বলে দাবি করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানায়।
ওদিকে, এক বিক্ষোভকারী বলেন, "সশস্ত্র সেনা যান এবং ট্যাংক আমাদের ঘিরে রেখেছে। তারা বিক্ষোভ ছত্রভঙ্গ করতে তিন ঘণ্টা টিয়ারগ্যাস এবং গুলি ছুড়েছে।"
শনিবারও পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে পুলিশের লাঠিচার্জে ৭ বিক্ষোভকারী আহত হয় বলে খবর পাওয়া গেছে।
এর আগে সালেহ বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানান। এতে করে শিগগিরই তার পদত্যাগের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩২০ঘ.
bdnews24