পশ্চিম তীরে ফিলিস্তিনির গুলিতে ইসরায়েলি ও সেনাদের গুলিতে গাড়িচালক নিহত
ইহুদি বসতি নেভে জুফের এক ঝরনার কাছে জড়ো হওয়া ইসরায়েলিদের দিকে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি।
ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীরে এক সন্দেহভাজন ফিলিস্তিনির গুলিতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। এর পাশপাশি ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি গাড়িচালক নিহত হয়েছেন।
রোববারের এসব ঘটনায় পশ্চিম তীরে সহিংসতা আবার উস্কে উঠেছে, জানিয়েছে রয়টার্স।
ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশ জানিয়েছে, রামাল্লার কাছে ইহুদি বসতি নেভে জুফের এক ঝরনার কাছে জড়ো হওয়া ইসরায়েলিদের দিকে নিজের গাড়ির ভেতর থেকে গুলি ছোড়েন এক ফিলিস্তিনি।
গুলির খবর পেয়ে ইসরায়েলি চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, তারা এক গাড়ির ভেতরে এক ইসরায়েলিকে গুলিতে গুরুতর আহত অবস্থায় পান। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এর কয়েক ঘণ্টা পর রামাল্লার এক হাসপাতালে ওই ফিলিস্তিনি বন্দুকধারীর অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনার কিছুক্ষণ পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী ফিলিস্তিনি এক গাড়িচালককে ‘নির্মূল করেছে’। এই গাড়িচালক গাড়ি নিয়ে সেনাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে দাবি তাদের।
পশ্চিম তীরের আরও উত্তরদিকে ইহুদি বসতি গানিমের কাছে ঘটনাটি ঘটে। এ ঘটনায় কোনো সেনা জখম হয়নি।
রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাদের এক ভাষ্য যাচাই করতে পারেনি। এই প্রাণঘাতী ঘটনাগুলোর পরস্পরের সম্পর্কিত কি না, তা পরিষ্কার হয়নি। ইহুদিদেরে ইয়োম কপ্পুর ছুটির দিনের আগে এসব ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ওই বন্দুক হামলার প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি।
এসব ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি নিরাপত্তা সংস্থাগুলোকে তাদের বাহিনী জোরদার করার নির্দেশ দিয়ে পশ্চিম তীরে কোনো আক্রমণাত্মক ঘটনা ঘটলে জড়িতদের গ্রেপ্তার করতে বলেছেন।
