২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

ফসল তোলার আগে ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার

ফিলিস্তিনি কৃষকরা এই গাছগুলোকে ভূমির সঙ্গে তাদের সম্পর্কের প্রতীক হিসেবে গণ্য করতেন।

ফসল তোলার আগে ফিলিস্তিনি জলপাই বাগান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বুলডোজার

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে ফিলিস্তিনি গ্রাম দেইর নিজামের অদূরে ইসরায়েলি বাহিনী সামরিক যন্ত্রপাতির সাহায্যে তার জলপাই গাছগুলো উপড়ে ফেলার পর আবদ আল-ফাত্তাহ তামিমি দাঁড়িয়ে আছেন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 02:34 PM

Updated : 24 Sep 2026, 02:34 PM

ফিলিস্তিনের ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বার্ষিক ফসল তোলার কয়েকদিন আগে ফিলিস্তিনিদের প্রায় ৯ একর জলপাই বাগান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

বুধবার ফিলিস্তিনি গ্রামবাসীরা তাদের উপরে পড়া গাছগুলো দেখে আর্তনাদ করছিল যা সাধারণভাবে তাদের আনন্দের একটি উৎস ছিল, জানিয়েছে রয়টার্স।

রামাল্লা শহরের কাছে এক গ্রামে আবদ আল-ফাত্তাহ তামিমির একটি জলপাই বাগান ছিল। তিনি দেখছিলেন, কীভাবে একটি সামরিক বুলডোজার তার একটি গাছের উপরের অংশ নষ্ট করে দিয়ে সেটি মাটি থেকে উপড়ে ফেলল।

রয়টার্সকে তামিমি বলেন, “নতুন বোনা গাছগুলোসহ আমাদের সব জলপাই গাছ শিকড়সহ উপড়ে ফেলা হয়েছে। তারা কিছুই বাকি রাখেনি।”

তিনি জানান, তার ও তার প্রতিবেশীদের ৯ একর জমির পুরোটা জলপাই গাছ দিয়ে ভরা ছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধ যাচাই করে দেখছে। কিন্তু স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনী আর সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

অতীতে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তা হুমকি ও সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা থামাতে জমিগুলো থেকে জলপাই গাছ পরিষ্কার করা দরকার বলে জানিয়েছিল।

ফিলিস্তিনি মানবাধিকার গোষ্ঠীগুলো ইসরায়েলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, এই ধ্বংসযজ্ঞ কার্যত ফিলিস্তিনি কৃষকদের জলপাই ও জলপাইয়ের তেল বিক্রির আয় থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে। পাশাপাশি এই গাছগুলোকে ফিলিস্তিনি কৃষকরা ভূমির সঙ্গে তাদের সম্পর্কের প্রতীক হিসেবে গণ্য করে, সেটি নষ্ট করতেই এমনটি করা হয়েছে।

সাধারণত অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জলপাই তোলা শুরু হয়। জলপাই ফিলিস্তিনের কৃষির মেরুদণ্ড। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের জিডিপির প্রায় ৮ শতাংশ আসে এ খাত থেকে আর এটি ৬০ হাজারেরও বেশি মানুষের কর্মক্ষেত্র।

পশ্চিম তীরে ফিলিস্তিনি ও ফিলিস্তিনিদের সম্পদের ওপর ইসরায়েলি সেটেলারদের আক্রমণ রেকর্ড পরিমাণ বাড়ার মধ্যে এবারের ফসল তোলা যে নির্বিঘ্ন হবে না, এমন শঙ্কা ফিলিস্তিনি আন্দোলনকারী ও কৃষকদের ছিল।

রামাল্লার কাছে দেইর নিজাম গ্রামের আরেক জমি মালিক নাথের তামিমি বলেন, ফসল তোলার সময় এতো কাছে চলে আসার পর গাছগুলো হারানো অত্যন্ত বেদনাদায়ক।

নিজের জলপাই বাগানের দিকে তাকিয়ে তিনি বলেন, “এই জমি থেকে আমি ও আমার ভাইয়েরা ১২০ ড্রাম জলপাই তেল উৎপাদন করতাম। আমাদের প্রতিবেশীরাও এমন পরিমাণই উৎপাদন করতো। তারা সব জায়গা থেকে গাছ উপড়ে ফেলেছে, এমনকী বাড়িগুলোর মাঝের অংশে থাকা গাছগুলোও বাদ দেয়নি।”