১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা: ২ শিক্ষার্থীসহ নিহত ৩

গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা: ২ শিক্ষার্থীসহ নিহত ৩
ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 11:40 AM

Updated : 11 Sep 2026, 03:40 PM

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ৭টার দিকে মুর্শিদাবাদের বহরমপুর এলাকার কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, ঘটনার সময় শিক্ষার্থীদের নিয়ে একটি স্কুল ভ্যান রেললাইন পার হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় রেলক্রসিংটির গেট খোলাই ছিল।

ভ্যানটি রেললাইনে ওঠামাত্রই দ্রুতগতির নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা মারে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, স্কুল ভ্যানটি পুরো দুমড়েমুচড়ে রেললাইনের ওপর পড়ে রয়েছে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেছেন, এর আগে একটি আপ-লাইনের ট্রেন যাওয়ার সময় গেটটি বন্ধ রাখা হয়েছিল। সেই ট্রেনটি চলে যাওয়ার পর গেটম্যান রেলক্রসিংয়ের গেটটি খুলে দেন।

কিন্তু পাশের ট্র্যাকে আরেকটি ট্রেন চলে এলেও গেটটি আর বন্ধ করা হয়নি। এর ফলেই মারাত্মক এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রেলওয়ের একজন কর্মকর্তা বলেছেন, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণসুবর্ণ স্টেশনের কাছের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলকারটি যখন লাইন পার হচ্ছিল, তখনই লোকাল ট্রেনটি এসে গাড়িটিকে ধাক্কা মারে।

গেটম্যানের বিরুদ্ধে গাফিলতির অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।