২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশীয় নারীকে শতাধিক ঘুষি, যুক্তরাষ্ট্রে একজনের ১৭ বছরের জেল

নিউ ইয়র্কের ইয়ঙ্কারস শহরের বাসিন্দা তামেল এসকোকে ভয়াবহ এ বিদ্বেষমূলক অপরাধের জন্য সাড়ে ১৭ বছর জেলখাটার পর আরও পাঁচ বছর নজরদারিতে থাকতে হবে।

এশীয় নারীকে শতাধিক ঘুষি, যুক্তরাষ্ট্রে একজনের ১৭ বছরের জেল

ছবি; ইয়ঙ্কারস পুলিশ দপ্তর/সিএনএন

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 07:39 PM

Updated : 01 Dec 2022, 07:39 PM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এশীয় বংশোদ্ভূত এক বৃদ্ধাকে শতাধিকবার ঘুষি এবং লাথি মারার অপরাধে দোষীসাব্যস্ত এক ব্যক্তিকে সাড়ে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়েস্টচেস্টার কাউন্টি ডিসট্রিক্ট অ্যাটর্নি মিরিয়াম রোচাহ এ সাজা ঘোষণা করেন বলে জানায় সিএনএন।

ইয়ঙ্কারস শহরের বাসিন্দা সাজাপ্রাপ্ত ৪২ বছরের তামেল এসকোকে ভয়াবহ এ বিদ্বেষমূলক অপরাধের (হেট ক্রাইম) জন্য রাজ্যের কারাগারে সাড়ে ১৭ বছর বন্দি থেকে সাজা ভোগ করার পর আরো পাঁচ বছর নজরদারিতে থাকতে হবে।

গত ১১ মার্চ নিউ ইয়র্কের ইয়োঙ্কার্স থেকে এসকোকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঘৃণার বশবর্তী হয়ে ফিলিপিনো বংশোদ্ভূত ৬৭ বছর বয়সের এক নারীকে মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন এসকো সেখানেই ছিলেন।

তদন্ত কর্মকর্তারা জানান, ওই দিন মারধরের শিকার বৃদ্ধা এসকোর পাশ দিয়ে নিজের বাড়ির দিকে হেঁটে যাওয়ার সময় এসকো তাকে ‘এশিয়ান বিচ’ বলে গালি দেয়। ওই বৃদ্ধা রিভারডেল অ্যাভিনিউতে নিজের বাড়িতে প্রবেশের সময় এসকোর হামলার শিকার হন। একই আবাসিক ভবনে এসকোও থাকেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী ভবনে প্রবেশের সময় এসকো পেছন থেকে তার উপর হামলা চালায়। প্রথমে মাথায় ঘুষি দিয়ে ওই বৃদ্ধাকে মাটিতে ফেলে দেয় এবং একের পর এক ঘুষি ও লাথি মারতে থাকে।

ভিডিও দেখে পুলিশ হিসাব করে বলেছে, এসকো ওই বৃদ্ধাকে ১২৫ বারের বেশি ঘুষি মেরেছে, সাতবার লাথি দিয়েছে এবং থুতু ছিটিয়েছে।

এসকোর হামলায় গুরুতর আহত ‍বৃদ্ধার মুখের হাড়ে চিড় ধরে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তার মাথায় একাধিক কালশিরা এবং ক্ষতচিহ্ন তৈরি হয়।

গত ২৭ সে্প্টেম্বর এসকোকে দোষীসাব্যস্ত করে আদালত।

সাজা ঘোষণার সময় ডিসট্রিক্ট অ্যাটর্নি রোচাহ বলেন, ‘‘আজ, আমরা ওয়েস্টচেস্টার কাউন্টিতে দেখা সবচেয়ে জঘন্য এবং মর্মান্তিক ঘৃণামূলক অপরাধগুলির একটির সমাপ্তি টানছি।

‘‘হামলার শিকার নারী ও পরিবারের সাহস ও সহযোগিতার ফলে সফলভাবে এই মামলার বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। ইয়োঙ্কার্স পুলিশ ডিপার্টমেন্টের এবং আমাদের নিবেদিতপ্রাণ দল যারা ভিকটিমের পক্ষে অক্লান্ত পরিশ্রম করেছেন তারাও এই সাফল্যের অংশীদার।”

হামলার শিকার নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে আদালতে উচ্চস্বরে তার বক্তব্য পাঠ করা হয়েছে।

যেখানে তিনি বিচারককে বলেন, ‘‘তামেল এসকোর নৃশংসতা এবং ঘৃণার কারণে আমি গত ২৪ বছর ধরে যে জায়গাকে বাড়ি বলতাম, যেখানে আমি আমার দুই মেয়েকে বড় করে তুলেছি এবং যারা আমার দীর্ঘ সময়ের প্রতিবেশী ছিলেন তাদের হারিয়েছি।”

হামলার শিকার হওয়ার সময়ের কথা মনে করে ওই নারী আরও বলেন, ‘‘হামলার সময় আমি শুধু মনে মনে বলেছি, 'দয়া করো ঈশ্বর, আমাকে বাঁচিয়ে রেখো, দয়া করো ঈশ্বর, আমার মেয়েদের আমাকে প্রয়োজন।' শুধুমাত্র আমার জাতের কারণে একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি নির্দয়ের মত থুতু মেরেছে, একশ বারের বেশি ঘুষি ও লাথি মেরেছে।

‘‘আমার দৃঢ় বিশ্বাস ছিল, ঈশ্বর এবং আমাদের বিচারের ব্যবস্থা আর কোনো পরিবারের সঙ্গে যেন এমনটা না ঘটে সেটা নিশ্চিত করবে।”

করোনাভাইরাস প্রথম চীনে শনাক্ত হয় এবং চীন থেকে পুরো বিশ্বে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পর বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে এশীয় বংশোদ্ভূতদের ঘৃণামূলক অপরাধের শিকার হতে হয়েছে।