১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাইজেরিয়ায় বিষাক্ত মদ পানে ৪৮ জনের মৃত্যু, চিকিৎসাধীন ১০০

বেশি অ্যালকোহলযুক্ত হারবাল পানীয়ের সঙ্গে মিথানল মেশানোর কারণে এসব মৃত্যু হয়ে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 02:41 PM

Updated : 19 Sep 2026, 02:41 PM

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও প্রায় একশজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ওই মদে ক্ষতিকারক মিথানল ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ওন্দো রাজ্যের স্বাস্থ্য কমিশনার বাঞ্জি আজাকা জানান, রাজ্যের ওদিগবো ও ইরেলে এলাকা থেকে এ বিষক্রিয়ার খবর পাওয়া গেছে। সেখানে মোট ১৮২ জন আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতাল শয্যায় সোলা আদেবায়ো নামের একজন বলেন, “আমি প্রায় দুই পেগ পান করেছিলাম। শুক্রবার বাইরে গিয়েছিলাম। শনিবার বুঝতে পারি যে আমি আর দেখতে পারছি না।”

মার্কিন সংবাদমাধ্যম এনটিডি লিখেছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় স্থানীয়ভাবে তৈরি মদের ব্যাপক প্রচলন রয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় কম দামের এ পানীয়ের জনপ্রিয়তা বেশি।

স্বাস্থ্য কমিশনার আজাকা বলেন, “পানীয়টির মারাত্মক প্রভাব খুব দ্রুত দেখা দেয়। মদ পানের পরিমাণের ওপর ভিত্তি করে ভুক্তভোগীদের কিডনি বিকল হয়ে যায়, দৃষ্টিশক্তি নষ্ট হয় এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়।”

ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র আবায়োমি জিমো এক বিবৃতিতে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আছেন, যিনি মিথানল মিশ্রিত পানীয় তৈরির সঙ্গে জড়িত। তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করছেন।

স্থানীয়রা জানান, ‘মাঙ্কি টেইল’ নামে পরিচিত বেশি অ্যালকোহলযুক্ত একটি জনপ্রিয় হারবাল পানীয়ের সঙ্গে মিথানল মেশানোর কারণে এসব মৃত্যু হয়ে থাকতে পারে।

ওদিগবোতে ওই পানীয় বিক্রি করেন এমন এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে লেন, ‘মাঙ্কি টেইল’র দুটি ধরন রয়েছে। একটি আসল ও নিরাপদ, অন্যটি অনিরাপদ।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল বর্তমানে ছোট প্যাকেট ও প্লাস্টিকের ছোট বোতলে অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করছে। সংস্থাটি বলেছে, এসব প্যাকেট ও ছোট বোতলের অ্যালকোহল সহজেই শিশু ও তরুণদের হাতে চলে যায়।