২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ভূমিকম্প নিয়ে প্রতিবেদন, তদন্তের মুখে সাংবাদিক

ফ্রিল্যান্স সাংবাদিক মীর আলি কোসারের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

তুরস্কে ভূমিকম্প নিয়ে প্রতিবেদন, তদন্তের মুখে সাংবাদিক

ছবি: বিবিসি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 11:27 PM

Updated : 26 Feb 2023, 12:20 AM

তুরস্কে ৬ ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের সময় কেন্দ্রস্থল থেকে ২০০ মাইল দূরে ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক মীর আলি কোসার। পরে ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে তিনি ছুটে যান দুর্গত এলাকায়।

সেখানকার পরিস্থিতি জানানোর পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকাদের সাক্ষাৎকার নেন এবং টুইটারে সেগুলো শেয়ার করেন কোসার।

তার বিরুদ্ধেই এখন ভুয়া খবর ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে, তিন বছর পর্যন্ত জেল হতে পারে তার।    

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে অন্তত ৫০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। তুরস্কের ভূমিকম্প নিয়ে যারা প্রতিবেদন বা মন্তব্য করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এমন অন্তত চার সাংবাদিকের মধ্যে মীর আলি কোসার একজন|

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলা গোষ্ঠীগুলো বলছে, আরও কয়েক ডজন সাংবাদিককে আটক ও হয়রানি করা হয়েছে বা তাদেরকে সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে। তবে তুরস্কের কর্তৃপক্ষ এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বিবিসি জানায়, সাংবাদিক মীর আলি কোসার কুর্দি সম্প্রদায়ের মানুষ। তিনি বিয়ানেট ও দুভারের মতো বিরোধীপন্থি গণমাধ্যমগুলোতে কাজ করেন। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরে থাকেন তিনি।

ভূমিকম্পের রাতের ঘটনা বলতে গিয়ে কোসার বলেন, “আমি তীব্র কাঁপুনি অনুভব করেছি। ঘর কাঁপছে, টিভি কাঁপছে।” পোষা দুই কুকুরের সঙ্গে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে ছিলেন। এরপর বাইরে ছুটে যান বলে জানান তিনি।

এর কিছু সময় পর দিয়ারবাকির ছেড়ে গাজিয়ানতেপ শহরে যান কোসার। সেখানে ধ্বংসস্তূপ দেখে হতবাক হয়ে যান। শহরটিতে অন্তত তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। কোসার বলেন, “মাইক্রোফোন ধরে ক্যামেরার পেছনে কিংবা সামনে কথা বলার সময় আমি চোখের পানি ধরে রাখতে পারিনি।”

তুরস্কের পশ্চিমাঞ্চল থেকে আসা স্বেচ্ছাসেবক ও উদ্ধারকারী দল কোসারকে স্পর্শ করেছিল। তিনি তাদের কাহিনী টুইটারে শেয়ার করেছিলেন। ভূমিকম্পে বেঁচে যাওয়া কয়েকজন তাকে বলেছিলেন যে, তারা কয়েক দিন ধরে কোনও সাহায্য পাননি। বিরোধী পক্ষের গণমাধ্যমগুলোতেও একই অভিযোগ নিয়ে খবর প্রকাশ হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান জনগণের উদ্দেশে বলেছিলেন, তিনি শহর পুনর্নির্মাণ করবেন। তবে তিনি ‘ভুয়া খবর’ ছড়ানো এবং ‘সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ বিরুদ্ধে সতর্কবার্তাও দেন। তাদেরকে ‘উসকানিদাতা’ আখ্যা দিয়ে তিনি বলেছিলেন, এদের বিচার করা হবে।

কোসার বলেন, তিনি যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা সংবাদ প্রকাশ করছিলেন, তখন দিয়ারবাকির পুলিশ তার বাসায় একটি নোট রেখে গিয়েছিল। তাতে তাকে থানায় গিয়ে একটি বিবৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

থানায় কোসারকে বলা হয়েছিল, সম্প্রতি চালু হওয়া বিভ্রান্তিমূলক আইনের অধীনে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। কোসার জানান, ভূমিকম্পস্থল থেকে তথ্য প্রকাশের বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেছে।

গতবছর অক্টোবরে তুরস্কে নতুন আইন চালু হয়। এ আইনে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের আইনি নজরদারি সংস্থা ভেনিস কমিশন বলেছে, আইনটি বাক স্বাধীনতায় বাধ সাধবে। আর বিরোধী দলগুলো আইনটিকে ‘সেন্সরশিপ আইন’ আখ্যা দিয়েছে।