০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র, ব্যাংকে হামলা হবে: ইরান

তেহরানে সেপাহ ব্যাংক সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর এ ঘোষণা এল।

এবার মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র, ব্যাংকে হামলা হবে: ইরান
যুদ্ধের মধ্যেই তেহরানে একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলছেন ইরানিরা। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ইরান এবার আঘাত হানবে বলে জানিয়েছেন তেহরানের খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের এক মুখপাত্র।

তেহরানে ইরানের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক সেপাহ সংশ্লিষ্ট একটি প্রশাসনিক ভবনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর বুধবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আগের রাতে তেহরানে ওই ব্যাংকের প্রশাসনিক ভবনে হামলা হয়।

“তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা ও জায়নবাদী নির্দয় শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে নিশানা করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের মাধ্যমে শত্রুরা আমাদের অঞ্চলজুড়ে থাকা মার্কিন ও জায়নবাদী শাসকগোষ্ঠী সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকে আঘাত হানতে বাধ্য করেছে,” মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংস্থা। 

অঞ্চলজুড়ে থাকা বিভিন্ন ব্যাংক থেকে লোকজনকে এক কিলোমিটার দূরে থাকারও পরামর্শ দিয়েছেন ইরানের যুদ্ধকালীন কমান্ড খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের এ মুখপাত্র।