১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিউ ইয়র্কে আদালতের সামনে গায়ে আগুন দেওয়া ব্যক্তি মারা গেছেন

নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিনে বিক্ষোভকারী ও ট্রাম্প সমর্থকসহ উৎসুক জনতা ভিড় করেছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2024, 07:12 PM

Updated : 20 Apr 2024, 07:12 PM

নিউ ইয়র্কের যে আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মামলার বিচার কাজ চলছে সেটির সামনে শুক্রবার নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তি মারা গেছেন।

শনিবার ভোরে নিউ ইয়র্ক সিটি পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয় বলে জানায় বিবিসি।

ওই ব্যক্তির নাম ম্যাক্সওয়েল আজারেলো, বয়স ৩৭। শুক্রবার দাহ্য তরল পদার্থ ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান।

গায়ে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি বাতাসে প্রচারপত্র ছুড়ে ছিলেন। একটি প্রচারপত্র রয়টার্স সাংবাদিকদের নজরে এসেছে। তাতে ‘শয়তান ধনকুবেরদের’ কথা উল্লেখ করা হয়েছে এবং জনগণকে এ ধরণের দুর্নীতি সামনে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তবে তাতে ট্রাম্পের নাম উল্লেখ নেই।

নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিনে বিক্ষোভকারী ও ট্রাম্প সমর্থকসহ উৎসুক জনতা ভিড় করেছিল।

ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি এ মামলায় বিচারকাজের জন্য ১২ সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের পরই এই হতবাক করা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আদালতের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে জানা জরুরি কর্মীরা। ঘটনার সময় ট্রাম্প আদালত ভবনে ছিলেন। পরে তিনি সেখান থেকে চলে যান।

পুরানো খবর:

নিউ ইয়র্কে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি

আজারেলো গত সপ্তাহে কোনো এক সময়ে তার ফ্লোরিডার বাড়ি থেকে নিউ ইয়র্কে এসেছিলেন। নিউ ইয়র্ক পুলিশের কাছে তার অতীত অপরাধের রেকর্ড নেই। ফ্লোরিডাতে তার পরিবার জানে না যে তিনি নিউ ইয়র্কে গেছে।

নিজরে সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন।

ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ- সেটিই আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি। আগামী সোমবারেই প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত।

ট্রাম্পই প্রথম কোনও সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে।